১৫০ ভরি গয়না লুটের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার বগাবাড়ি বাজারে গতকাল শুক্রবার রাতে একটি সোনার দোকানে ডাকাতি হয়েছে। দোকানমালিকের দাবি, ডাকাতেরা অন্তত ১৫০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এদিকে গত বৃহস্পতিবার রাতে ধামরাইয়ের বিসিক শিল্পনগরের একটি কারখানা থেকে ডাকাতেরা বিপুল পরিমাণ স্যানিটারি-সামগ্রী লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রাহকের বেশে তিনজন ডাকাত আশুলিয়া থানা থেকে ৪০০ গজ দূরে বগাবাড়ি বাজারের নাহার সুপার মার্কেটের প্রীতি জুয়েলার্সে যায়। এ সময় আরও প্রায় ১০ জন ডাকাত ওই মার্কেটের আশপাশে অবস্থান নেয়। পরে দোকানে থাকা ডাকাতেরা কথা বলার একপর্যায়ে দোকানের মালিক ভবেশ ঘোষকে অস্ত্রের মুখে জিম্মি করে সিন্দুক ও শোকেসের চাবি ছিনিয়ে নেয়। এরপর তারা সিন্দুক ও শোকেস খুলে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় বাইরে অবস্থান করা ডাকাতেরা সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বাজারে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।দোকানের মালিক ভবেশ ঘোষ বলেন, ডাকাতেরা গ্রাহকের বেশে দোকানে এসে তাঁর সঙ্গে স্বাভাবিক কথাবার্তা বলে। একপর্যায়ে পিস্তল ধরে তাঁর কাছ থেকে চাবি ছিনিয়ে নেয়। এরপর ডাকাতেরা অন্তত ১৫০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তিনি বলেন, প্রথমে চাবি দিতে অস্বীকৃতি জানালে ডাকাতেরা তাঁকে মারধর করে।বাজারের ব্যবসায়ীরা বলেন, তাঁরা প্রথমে ডাকাতির বিষয়টি বুঝতে পারেননি। ককটেল বিস্ফোরণের সময় ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করতে থাকেন। আর লোকজন ভয়ে এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকে। এই সুযোগে ডাকাতেরা নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ডাকাতেরা গাড়িতে করে এসেছিল কি না, তা তাঁরা নিশ্চিত হতে পারেননি।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, ঠিক কত ভরি স্বর্ণালংকার লুট হয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।এদিকে ধামরাইয়ের বিসিক শিল্পনগর এলাকার ‘বাথ কেয়ার লিমিটেড’ নামের একটি স্যানিটারি-সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে গত বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।কারখানা কর্তৃপক্ষের ভাষ্যমতে, বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতেরা চারটি ট্রাক নিয়ে এসে কারখানায় হানা দেয়। তারা কারখানার প্রাচীর টপকে ভেতরে ঢুকে নৈশপ্রহরী ও রাতের পালার কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে রাতভর লুটপাট চালিয়ে ট্রাকে মালামাল ভর্তি করে ভোরে চলে যায়। কারখানা কর্তৃপক্ষের দাবি, ডাকাতেরা কারখানা থেকে এক কোটি টাকারও বেশি দামের মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতদের মারধরে পাঁচজন শ্রমিক আহত হয়েছেন।যোগাযোগ করা হলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, সারা দিন অন্য কাজে ব্যস্ত থাকায় তিনি এ বিষয়ে কিছু জানেন না। তিনি এ বিষয়ে উপপরিদর্শক (এসআই) জোবায়দুল হকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।এসআই জোবায়দুল হক প্রথম আলোকে বলেন, বিসিক শিল্পনগরে ডাকাতির কোনো ঘটনা তাঁর জানা নেই। তবে বৃহস্পতিবার রাতে ওই এলাকার বাথ কেয়ারে চুরি হয়েছে। চোরেরা কারখানা থেকে কিছু স্যানিটারি-সামগ্রী নিয়ে গেছে। তিনি জানান, এ ব্যাপারে কোনো মামলা হয়নি।