ফেনীর সদর হাসপাতালে ১৫০ শয্যার চারতলা নতুন একটি ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সাংসদ নিজাম উদ্দিন হাজারী নতুন ভবন উদ্বোধন করেন।
ফেনী সদর হাসপাতাল সূত্র জানায়, ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার জন্য ২০০৭ সালে ১১ কোটি টাকা ব্যয়ে চারতলা নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়। এই ভবনে বহির্বিভাগ, প্যাথলজি বিভাগ, এক্স-রে ও সিটিস্ক্যান বিভাগ, চারটি অপারেশন থিয়েটার, ১০ শয্যার আইসিইউ, ১২ শয্যার সিসিইউ, ১৪ শয্যার ডায়ালিসিস, জেনারেল ওয়ার্ড, পোস্ট অপারেটিভ ওয়ার্ড, সাধারণ কেবিন, ভিআইপি কেবিন রয়েছে।
জেলা সিভিল সার্জন মো. ইউছুপের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আলাউদ্দিন মজুমদার, পুলিশ সুপার মো. রেজাউল হক, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, বিএমএ ফেনী শাখার সভাপতি মনজুর ইকবাল প্রমুখ।