১৫০টি সিলিন্ডারসহ কাভার্ড ভ্যান জব্দ
অবৈধভাবে গ্যাস সংগ্রহকারী চক্রের একটি কাভার্ড ভ্যান ১৫০টি সিলিন্ডারসহ জব্দ করে পুলিশে দিয়েছেন সিলেট বিভাগীয় সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা।
গতকাল সোমবার সকালে দক্ষিণ সুরমার সাউথ সুরমা সিএনজি ফিলিং স্টেশন থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। তবে গাড়িচালকসহ চক্রের সদস্যরা পালিয়ে যায়।
সিএনজি ফিলিং স্টেশনটির বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার গভীর রাতে কাভার্ড ভ্যানটি সিএনজি ফিলিং স্টেশনে আসে। কাভার্ড ভ্যান খুলে ১৫০টি গ্যাস সিলিন্ডারে গ্যাস দিতে বলা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক কাভার্ড ভ্যানের সঙ্গে আসা লোকজনের কাছে সিলিন্ডারে করে গ্যাস নেওয়ার বৈধতা সম্পর্কে জানতে চান। তখন কাভার্ড ভ্যান ফেলে রেখে এটির চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়। খবর পেয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরীসহ সংগঠনের নেতারা ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানসহ ১৫০টি সিলিন্ডার পুলিশের কাছে হস্তান্তর করেন।
মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার সহকারী কমিশনার ইকবাল হোসেন বলেন, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করে মামলা করা হবে।