১৫০০ বাড়িঘর, অর্ধশতাধিক উপাসনালয় ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনায় দেড় হাজারের বেশি বাড়িঘর ও অর্ধশতাধিক উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হত্যা, অগ্নিসংযোগ, নির্যাতন, লুটপাট ও মঠ-মন্দির ধ্বংসের প্রতিবাদে গতকাল সোমবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ এক যৌথ সংবাদ সম্মেলন করে। সেখানে এ তথ্য তুলে ধরা হয়। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের প্রতি পাঁচটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো—বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারের সমন্বয়ে সাম্প্রদায়িক সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া, সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, সাম্প্রদায়িক সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা করা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত উপাসনালয়গুলো আগের অবস্থায় ফিরিয়ে আনা এবং ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘুদের নিপীড়নের ঘটনা তদন্তে শাহাবউদ্দিন কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। সেখানে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ দেওয়ার পর পর সারা দেশে মহলবিশেষ অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। উদ্বেগের বিষয় হচ্ছে, এই অরাজক পরিস্থিতি তৈরিতে একাত্তরের মতোই ধর্মীয় সংখ্যালঘু পরিবারকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালীসহ বেশ কিছু জেলায় চার দিন ধরে একটানা একতরফা সাম্প্রদায়িক সহিংসতা চালানো হয়েছে এবং হচ্ছে। এ সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের দেড় হাজারের বেশি বাড়িঘর ও অর্ধশতাধিক উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেককে নির্মমভাবে জখম করে হত্যা করা হয়েছে। সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। আগুন দিয়ে বাড়ির পর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।এই সংকটকালে দু-একটি ব্যতিক্রম বাদে সংশ্লিষ্ট এলাকায় সাংসদসহ জনপ্রতিনিধিদের দেখা যায়নি। এ অবস্থায় ২০১৪ সালের নির্বাচন সামনে রেখে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। লিখিত বক্তব্য পাঠ করার আগে পূজা কমিটির সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সহিংস ঘটনাগুলোর চিত্র তুলে ধরেন।