ভোলা খালে পানি না থাকায় নৌপথে কম খরচে ভোলা শহরে পণ্য আনা-নেওয়া ব্যাহত হচ্ছে। খালের প্রবেশমুখে দিনের পর দিন আটকে থাকছে মালবোঝাই কার্গো। একই কারণে সদর উপজেলার প্রায় দেড় হাজার হেক্টর জমিতে বোরো আবাদ কম হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, খালের পাশের বাজারের কসাইখানার গোবর, নাড়ি-ভুঁড়ি, কাঁচাবাজারের আবর্জনা, মাটির জিনিসপত্র বিক্রির দোকানের ভাঙা জিনিস, চাতালের ছাইসহ নানা বর্জ্য ফেলা হচ্ছে খালে। পৌরসভার শতাধিক নালা এবং অনেকগুলো শৌচাগারের সংযোগ এই খালের সঙ্গে। এভাবে গত ৩০ বছরে খালটি ভরাট হচ্ছে। নাব্যতা হারিয়েছে অনেক আগেই।সর্বশেষ আশির দশকে পানি উন্নয়ন বোর্ড একবার খালটি খনন করেছিল। বর্তমানে ভাটার সময় এটি শুকিয়ে যায়, জোয়ারে যেটুকু পানি আসে তা-ও সেচের জন্য টেনে নেন কৃষকেরা। পূর্ণিমা-অমাবস্যায় পানি বাড়লে তখন মালবোঝাই ছোট-বড় কার্গো ও নৌকা পণ্য খালাস করতে খালের ভেতর দিয়ে শহরে ঢোকে।পণ্যবাহী কার্গো ‘আল মতিন’-এর কেরানি মো. কাঞ্চন জানান, যেখানে প্রতি সপ্তাহে ঢাকা থেকে মালামাল নিয়ে আসার কথা, খালে পানি না থাকায় সেখানে তাঁরা মাসে দুই-একবার পণ্য আনতে পারছেন। মাসের বেশির ভাগ সময় জাহাজ নিয়ে খালে আটকে থাকতে হচ্ছে। আবার পানি আসার অপেক্ষায় খালের মুখে বসে থাকতে হয়।ভোলা মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি এ বি এম শাজাহান বলেন, ভোলা খালকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে সব ব্যবসা। কার্গো বোঝাই করে ব্যবসায়ীরা নানা পণ্য এই খাল দিয়ে ভোলায় আনা-নেওয়া করেন। ১৫ বছর ধরে শীতের মৌসুমে খালে জোয়ারের সময়ও পানি থাকে না।জেলা চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইরফানুর রহমান জানান, বর্ষার মৌসুমে পণ্যবাহী কার্গো আড়তের সামনে ভিড়ে। কিন্তু শীতের মৌসুমে খালে পানি না থাকায়, কয়েক গুণ বেশি ব্যয়ে ঠেলাগাড়ি ও ট্রাকে করে কার্গো-নৌকা থেকে মাল আড়তে আনতে হচ্ছে।সদর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, ভোলা খালের সঙ্গে আরও সাত-আটটি শাখা খাল আছে। এসব শাখা খাল ভোলা সদরের পশ্চিম ইলিশা, বাপ্তা, কাচিয়া, ধনিয়া, শিবপুর ইউনিয়নের মধ্য দিয়ে গেছে। শীতের মৌসুমে এগুলোতে পানি থাকে না। জোয়ারের সময় সামান্য পানি আসে। কিন্তু বোরো ধানে সেচ দেওয়ার জন্য পাম্পগুলো একত্রে চালালে শাখা খালগুলো পানিশূন্য হয়ে পড়ে। খাল খনন না করার কারণে এসব ইউনিয়নের দেড় হাজার হেক্টর জমিতে বোরো আবাদ কম হচ্ছে। খাল খননের বিষয়টি কয়েকবার উপজেলা মাসিক উন্নয়ন সভায় তোলা হয়েছে।ভোলা নাগরিক কমিটির সদস্য সচিব এস এম বাহাউদ্দিন বলেন, একসময় স্রোতস্বিনী ভোলা খাল ‘বেতুয়া’ নদী নামে পরিচিত ছিল। দুই পাশে দখল হতে হতে এটি এখন খালে পরিণত হয়েছে। এই খাল এখন হয়েছে ডাস্টবিন।সদর উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের বলেন, ভোলা খালে এখন মশা ও জীবাণুর রাজত্ব। এর সঙ্গে যুক্ত হয়েছে শহরের সব নালা। ওই নালার পানি বাজারের তরকারি ও মাছে দেওয়া হচ্ছে। খালটি খনন একান্ত জরুরি।বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সেচ শাখার সহকারী প্রকৌশলী স্বপন কুমার হালদার বলেন, ভোলা খালের মূল অংশের দৈর্ঘ্য ১২ কিলোমিটার। এর সঙ্গে আরও ৪০-৪৫ কিলোমিটার শাখা খাল রয়েছে। সবটুকুই খনন করা দরকার। এ জন্য দরকার অনেক টাকা। আমরা একটি প্রকল্প পরিকল্পনা ঢাকা কার্যালয়ে পাঠিয়েছি, কিন্তু তা এখনো পাস হয়নি।