১৫৩ জনকে প্রাণনাশের হুমকির মামলায় রিমান্ডে ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী, শিক্ষাবিদ, সাংবাদিকসহ ১৫৩ জনকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আবদুল হক ও আমিনুর রহমানকে জিজ্ঞাসাবাদে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।

আদালত আবদুল হকের চার দিন ও আমিনুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের তদন্ত শাখার (ডিবি) পরিদর্শক হাফিজুর রহমান আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁদের এই রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের তদন্ত শাখার (ডিবি) পরিদর্শক শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস গত মঙ্গলবার বাদী হয়ে তেজগাঁও থানায় ওই মামলা করেন।

গত মঙ্গলবার রাতে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আবদুল হককে ও গতকাল বৃহস্পতিবার আমিনুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। গত বুধবার আবদুল হককে একদিনের রিমান্ডে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, এই দুই আসামি কয়েক মাস ধরে ১৫৩ জনকে মুঠোফোনে স্ফুফিং প্রযুক্তি ব্যবহার করে হত্যার হুমকি দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দোষ স্বীকার করেছেন।

গত বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম বলেন, কয়েক মাস ধরে অজ্ঞাতনামা ব্যক্তিরা ইসলামিক স্টেট বাংলাদেশ (আইএস), কখনো আইএস বিডি, আনসার আল ইসলাম, আনসার আর বাংলা টিমের নামে বিশিষ্ট ও বরেণ্য ব্যক্তিদের হুমকি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছে। ২৯ সেপ্টেম্বর এ রকম হুমকি পেয়ে প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান তেজগাঁও থানায় একটি জিডি করেন। উপসম্পাদকীয় লেখার কারণে তাঁকে হুমকি দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, মুহম্মদ জাফর ইকবাল ও মুনতাসীর মামুন, সাংবাদিক শাহরিয়ার কবির, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ মোট ১৫৩ জনকে হুমকি দেওয়া হয়।