জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৫তম বার্ষিক সিনেট অধিবেশন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে ২০১৫-১৬ সালের সংশোধিত এবং ২০১৬-১৭ সালের মূল বাজেট পাস করা হয়। এ ছাড়া অধিবেশনে সিনেট সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট হলে অধিবেশন শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সভাপতিত্ব করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র তুলে ধরেন।
অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের বাজেট উপস্থাপন করেন। তিনি ২০১৫-১৬ অর্থবছরের ১৫৪ কোটি ৩৯ লাখ টাকার সংশোধিত বাজেট এবং ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১৯৩ কোটি ৫২ লাখ টাকার মূল বাজেট উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
অধ্যাপক আবুল খায়ের বলেন, মূল বাজেটের ১৮০ কোটি ২ লাখ টাকা আসবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বরাদ্দ থেকে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে আসবে ১৩ কোটি ৫০ লাখ টাকা। মূল বাজেটের বার্ষিক ঘাটতির পরিমাণ ১ কোটি ৪৮ লাখ টাকা।
বাজেট উপস্থাপন শেষে সিনেট সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরির সিনেট সদস্য অধ্যাপক এম এ মতিন বলেন, দীর্ঘদিন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরি নির্বাচন হচ্ছে না। দ্রুত এ নির্বাচন প্রয়োজন। সিনেটে ছাত্র প্রতিনিধি থাকা প্রয়োজন। কিন্তু নানা কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। এটি নিয়েও ভাবা প্রয়োজন। দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটিতে শিক্ষার্থীদের আবাসিক হল বন্ধ থাকে না। কিন্তু এ বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর ধরে ঈদের ছুটিতে আবাসিক হল বন্ধ রাখা শুরু হয়েছে। সব দিক বিবেচনা করে ছুটিতে হল খোলা রাখা উচিত।
অধিবেশনে সিনেটের শিক্ষক প্রতিনিধি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, পরিবহন সেবা বিশ্ববিদ্যালয়ের ব্যয়ের একটি বড় খাত। এ খাতে অপচয় কমাতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বেশ দুর্বল ও অনুন্নত। এ খাতে ব্যয় বাড়াতে হবে।
আরেক শিক্ষক প্রতিনিধি ফরিদ আহমেদ বলেন, ‘অভিজ্ঞতা থেকে বলছি, গত ১০ বছরে কখনোই শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে সিনেটে আলোচনা হয়নি। সব সময় প্রশাসনিক দুর্বলতা নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার জন্য শিক্ষার্থীদের সংকট নিয়ে আলোচনা করতে হবে।’
অধিবেশনে অন্যান্যের মধ্যে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরির সিনেট সদস্য আবুল কালাম আজাদ, শিক্ষক প্রতিনিধি এ টি এম আতিকুর রহমান, এ এ মামুন, সুফি মোস্তাফিজুর রহমান, মালিহা নার্গিস আহমেদ প্রমুখ বক্তব্য দেন। এ সময় ধন্যবাদ জ্ঞাপন করেন সহ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন। অধিবেশন পরিচালনা করেন সিনেটের সচিব ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। সন্ধ্যায় সিনেট অধিবেশন শেষ হয়।