১৫৫ বাংলাদেশিকে আনতে মিয়ানমারে প্রতিনিধি দল
সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় উদ্ধার হওয়া আরও ১৫৫ জন বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে আনতে আজ বুধবার সকালে মিয়ানমার গেছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম। মিয়ানমারের মংডু সীমান্তে সেই দেশের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক চলছে। বৈঠকে ১৫৫ জন বাংলাদেশি অভিবাসীকে হস্তান্তর করার কথা রয়েছে।
বাংলাদেশ প্রতিনিধি দলটি আজ সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের মৈত্রী সেতু দিয়ে মিয়ানমারে যায়। অভিবাসীদের নিয়ে একই পথে তারা ফিরবে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ বলেন, দেশে ফেরত আনার পর অভিবাসীদের ঘুমধুম সীমান্ত থেকে বাসে করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে আসবে পুলিশ। তারপর আইনি প্রক্রিয়া শেষে তাঁদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।
গত ৮ জুন প্রথম দফায় মিয়ানমার থেকে ১৫০ জন অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়। ১৯ জুন দ্বিতীয় দফায় ফিরিয়ে আনা হয় ৩৭ জন অভিবাসীকে।