১৫৬টি গভীর নলকূপ স্থাপনের কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আওতায় বরাদ্দ থাকা সত্ত্বেও সিরাজগঞ্জে ১৫৬টি গভীর নলকূপ স্থাপনের কাজ তিন বছর ধরে বন্ধ রয়েছে। ফলে স্বল্পমূল্যে সেচসুবিধাবঞ্চিত কৃষকেরা বিপাকে পড়েছেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর ইসলাম ঠাণ্ডু বলেন, ‘বিআরডিবির একটি সেচ প্রকল্প (পানাসি) চালু থাকায় কৃষিমন্ত্রীর মৌখিক নির্দেশে আপাতত সিরাজগঞ্জ ও পাবনায় গভীর নলকূপ স্থাপন প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে। তবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আশা করি, শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।’
সিরাজগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক শফিকুল ইসলাম জানান, একটি গভীর নলকূপের আওতায় ৫০ একর জমি নির্ধারণ করা হয়েছে। সেই অনুপাতে ১৫৬টির আওতায় জমির পরিমাণ দাঁড়ায় সাত হাজার ৮০০ একর। বিষয়টি বিবেচনায় এনে গভীর নলকূপগুলো স্থাপন করা হলে কৃষকেরা উপকৃত হবেন।
সিরাজগঞ্জের বরেন্দ্র কার্যালয় ও ভুক্তভোগী কৃষক সূত্র জানায়, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্বল্পমূল্যে এবং সহজে সেচ দিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় গভীর নলকূপ স্থাপন প্রকল্প গ্রহণ করে। দ্বিতীয় পর্যায়ের চার বছর মেয়াদি এই প্রকল্পের কাজ ২০১০ সালে শুরু করে। জেলার কৃষকদের সমিতি গঠন করে তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২২৫টি গভীর নলকূপ স্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়। প্রতিটি গভীর নলকূপের জন্য প্রায় ১৮ লাখ ৯৩ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়। নিয়মানুযায়ী প্রতিটি গভীর নলকূপের জন্য কৃষকেরা এক লাখ টাকা করে জমা দেন। প্রথম বছরে ৬৯টি গভীর নলকূপ স্থাপন করা হয়। এরপর ২০১১ সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়। গত তিন বছরেও বাকি ১৫৬টি গভীর নলকূপ স্থাপন করা হয়নি। ফলে প্রকল্পভুক্ত কয়েক হাজার কৃষক স্বল্পমূল্যে সেচসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ চলতি বছরের ডিসেম্বর মাসে এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে।
আবেদনকারীদের মধ্যে তাড়াশ উপজেলার দেশীগ্রামের হারুন অর রশিদ, তালম গ্রামের মোহাম্মদ আসাদুজ্জামান, নামাসিলট গ্রামের পিয়ারা বেগম ও হোসেন আলী জানান, তিন বছর আগে তাঁরা চাঁদা তুলে এক লাখ টাকা করে জমা দিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ গভীর নলকূপ স্থাপনের কাজ বন্ধ করে দিয়েছে। তাঁরা আরও জানান, একটি গভীর নলকূপের আওতায় প্রতি বিঘা জমির সেচ খরচ হয় ৮০০ থেকে ৯০০ টাকা। অথচ একটি অগভীর নলকূপের আওতায় সেচ খরচ বাবদ উৎপাদিত ফসলের চার ভাগের এক ভাগ দিতে হয়। অর্থাৎ বিঘায় ২৪ মণ ধান হলে ছয় মণ সেচমালিককে দিতে হয়। এ জন্য তিন থেকে চার গুণ অতিরিক্ত খরচ হচ্ছে।
প্রকল্প পরিচালক আবদুর রশিদ বলেন, সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরে পানাসি নামের একটি প্রকল্প চালু হওয়ায় সিরাজগঞ্জ ও পাবনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কাজ বন্ধ রয়েছে। এই প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের আটটি জেলায় মোট ২৭১ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। মোট এক হাজার ৫০টির মধ্যে ৭০১টি নলকূপ স্থাপন করা হয়েছে।