১৫৭ পৌরসভায় কেন্দ্র দখল হয়েছে: বিএনপি
১৫৭টি পৌরসভায় ধানের শীষের এজেন্টদের মারধর করে বের করে দিয়ে কেন্দ্র দখল করা হয়েছে। সাধারণ ভোটাররা যাতে কেন্দ্রে যেতে না পারেন, সে জন্য পাড়া-মহল্লায় বোমা ফাটানোও হয়।
গতকাল বুধবার বিকেল চারটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব দাবি করেন। তিনি এ-ও বলেন, ‘আমার ধারণা, কেন্দ্র দখল হয়েছে এমন পৌরসভার সংখ্যা দুই শর কম হবে না। এখনো সব রিপোর্ট আমাদের কাছে পৌঁছায়নি।’
মির্জা ফখরুল বলেন, ‘যেসব কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়ে ভোট জালিয়াতির মহোৎসব হয়েছে, সেসব কেন্দ্রে আমরা পুনর্নির্বাচনের দাবি করছি।’
দলীয় কয়েকজন মেয়র প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘স্থানীয়ভাবে ভোট বর্জনের কোনো সুযোগ নেই। কেউ কেউ হয়তো নিজেরা বর্জন করতে পারেন। কেন্দ্রীয়ভাবে বলা হয়েছে দখল, কারচুপি হলে নির্বাচন স্থগিত চেয়ে পুনর্নির্বাচনের দাবি করার।’
‘পৌরসভা নির্বাচনকে পুরোপুরিভাবে প্রহসনে পরিণত করা হয়েছে’ মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের নীল নকশা অনুযায়ী আরেকটি নির্বাচন হয়ে গেল। আমাদের আশঙ্কা সত্য প্রমাণ হলো। আমরা বারবার বলেছি, পৌর নির্বাচন প্রহসনে পরিণত হবে। আজ সারা দিন ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন ও সোশ্যাল মিডিয়াতে যে চিত্র দেখেছি, তা বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে আমাদের ভীত-সন্ত্রস্ত করে তুলেছে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের লেশমাত্র দেখতে পাইনি। উৎসবমুখর পরিবেশ দূরের কথা, মারামারি, সংঘর্ষ, গোলাগুলি, সহিংসতা পুরো নির্বাচন ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। অনেকে আহত হয়েছেন। অথচ, সরকারদলীয় নেতারা কমিশনে গিয়ে বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। একজন তো এমনও বলেছেন, অতীতের অন্য যেকোনো নির্বাচনের চেয়ে নাকি ভালো হয়েছে।
মির্জা ফখরুল দাবি করেন, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যার পর থেকে বিএনপির প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের ওপর নজরদারি করা হয়। তাঁরা যেন ভোটকেন্দ্রে যেতে না পারে, সে জন্য পুলিশসহ আওয়ামী লীগের লোকজন কেন্দ্রের আশপাশে সশস্ত্র অবস্থান নেয়। অনেক জায়গায় রাতেই ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করে। এসব ঘটনা স্থানীয় রিটার্নিং কর্মকর্তা ও ঢাকায় নির্বাচন কমিশনকে বিএনপির নেতারা দফায় দফায় লিখিত ও মৌখিকভাবে জানিয়েছেন। কিন্তু প্রতিকার পাওয়া যায়নি।
ফখরুল বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই সরকারের ষড়যন্ত্র-চক্রান্ত সত্ত্বেও আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচন কমিশনারও আশ্বাস দিয়েছিলেন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে পরিচালনা করবেন। যদিও তাতে আমাদের ন্যূনতম বিশ্বাস ছিল না—সেটা আবারও প্রমাণ হয়েছে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কারণ তারা এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে যে ক্ষমতায় টিকে থাকতে তারা কোনো দিন সুষ্ঠু নির্বাচন হতে দেবে না।
এর আগে গতকাল সকাল সাড়ে নয়টা, দুপুর ১২টা ও বেলা দুইটায় তিন দফায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পৌর নির্বাচনে দলীয় এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল, নেতা-কর্মীদের মারধর, ব্যালটে একতরফা সিল মারার অভিযোগ করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।