১৫৮ কোটি টাকা দেবে ডেনমার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেনমার্ক সরকার জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ১৫৮ কোটি টাকা সহায়তা দেবে। ২০১৫ সালের মধ্যে তিন বছরে তিন ধাপে এ অর্থসহায়তা দেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত এসভেন্ড ওলিং সচিবালয়ে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করে এ কথা জানান। তিন বছরের বেশি সময় বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ডেনমার্কের অবিচ্ছেদ্য বন্ধু। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এ দেশের পাশে ডেনমার্ক আগেও ছিল ভবিষ্যতেও থাকবে।

হাছান মাহমুদ ওই সাক্ষাৎ অনুষ্ঠানে বলেন, ডেনমার্কের এ সহায়তা জলবায়ুর ঝুঁকি প্রশমন এবং অভিযোজন উভয় খাতেই ব্যয় করা হবে। এ বছর প্রথম ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের চারটি উপকূলীয় জেলায় পানি নিষ্কাশন ব্যবস্থাপনা ও বাঁধ নির্মাণের জন্য ও পরবর্তী সময়ে অন্যান্য মন্ত্রণালয়ের মাধ্যমে ওই অর্থ ব্যয় করা হবে।