ডেনমার্ক সরকার জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে প্রায় ১৫৮ কোটি টাকা সহায়তা দেবে। ২০১৫ সালের মধ্যে তিন বছরে তিন ধাপে এ অর্থসহায়তা দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত এসভেন্ড ওলিং সচিবালয়ে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করে এ কথা জানান। তিন বছরের বেশি সময় বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ডেনমার্কের অবিচ্ছেদ্য বন্ধু। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এ দেশের পাশে ডেনমার্ক আগেও ছিল ভবিষ্যতেও থাকবে। হাছান মাহমুদ ওই সাক্ষাৎ অনুষ্ঠানে বলেন, ডেনমার্কের এ সহায়তা জলবায়ুর ঝুঁকি প্রশমন এবং অভিযোজন উভয় খাতেই ব্যয় করা হবে। এ বছর প্রথম ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের চারটি উপকূলীয় জেলায় পানি নিষ্কাশন ব্যবস্থাপনা ও বাঁধ নির্মাণের জন্য ও পরবর্তী সময়ে অন্যান্য মন্ত্রণালয়ের মাধ্যমে ওই অর্থ ব্যয় করা হবে।