পাবলিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের শৃঙ্খলা কমিটির সভায় ১৫৮ জন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থী।গত শনিবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।বরিশাল শিক্ষা বোর্ড এ বছর প্রথম পরীক্ষার হলে মুঠোফোন নিয়ে প্রবেশ করার অভিযোগে ২০ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে।এ ছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে জেএসসির ৪৫ জনকে এক থেকে দুই বছর, এসএসসির ১৭ জনকে এক থেকে তিন বছর এবং এইচএসসির ৯৬ জন পরীক্ষার্থীকে এক থেকে চার বছরের জন্য বহিষ্কার করা হয়। বহিষ্কারাদেশ পাওয়া শিক্ষার্থীরা তাদের শাস্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত শিক্ষা বোর্ডের কোনো পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে না। যারা এক বছরের জন্য বহিষ্কার হয়েছে, তারা আগামী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।