বর্ষা মৌসুমের শুরুতেই পদ্মা ও আড়িয়াল খাঁ নদের ভাঙনের মুখে পড়েছে ফরিদপুরের সদরপুর উপজেলার চারটি ইউনিয়ন। গত ১৫ দিনে ওই চারটি ইউনিয়নে ১৫৮টি বসতবাড়ি ও ২৯০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঢেউখালী, চরনাসিরপুর, চরমানাই ইউনিয়নে আড়িয়ালখাঁ নদ ও দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়ন পদ্মার ভাঙনের কবলে পড়েছে। এর মধ্যে ভাঙন রোধে ঢেউখালী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চন্দ্রপাড়া দরগা শরিফ এলাকায় কিছু কাজ করলেও অন্য জায়গাগুলোতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুক্রবার ঢেউখালী ইউনিয়নের চর বালাশিয়া বাজার এলাকায় গিয়ে দেখা যায়, বাজারটি আড়িয়ালখাঁর ভাঙনের মধ্যে রয়েছে। দোকানদাররা ভাঙন আতঙ্কে ভুগছেন। ভাঙন সদরপুর-ঢেউখালী সড়কের কাছে চলে এসেছে। ভাঙনের মুখে রয়েছে ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরগা শরিফ। বাজারের চায়ের দোকানদার চান্দু মোল্লা বলেন, ‘তিন ভাঙা দিয়ে দোকান বর্তমান জায়গায় আনছি। আবার সইরা যাইতে হবে বইলা মনে হইতেছে।’ এলাকাবাসী সূত্রে জানা গেছে, আড়িয়ালখাঁ নদের ভাঙনের ফলে গত ১৫ দিনে চরবালিয়া গ্রামের ২০টি বসতবাড়ি বিলীন হয়ে গেছে। এ ছাড়া চরবালাশিয়া ঘাট এলাকায় ৩০ শতাংশ জমি বিলীন হয়ে গেছে। চরমানাই ইউপি চেয়ারম্যান মো. আইউব আলী বলেন, গত ১৫ দিনে ইউনিয়নের রামকুমার মণ্ডলেরকান্দি, কাজিকান্দি, চরমানাই ও ফেলু মাতব্বরেরকান্দি এলকায় আড়িয়ালখাঁ নদে ১০ একর ফসলি জমি ও ২২টি বসতবাড়ি বিলীন হয়ে গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, চর নাসিরপুর ইউনিয়ন আড়িয়ালখাঁ নদের ভাঙনে গত ১৫ দিনে খলিফাকান্দি, জামাল সিকদারেরকান্দি, সুজন মুন্সিরডাঙ্গি, হাফেজকান্দি, হালিম হাওলাদারেরকান্দি ও মফিজউদ্দিন হাজিরকান্দি গ্রামের দেড় শ একর ফসলি জমিসহ ৯০টি বসতবাড়ি বিলীন হয়ে গেছে। দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. ফজল সরদার বলেন, গত ১৫ দিনে ইউনিয়নের সরকারকান্দি ও খুনেরচর এলাকার ১০০ একর জমি পদ্মায় বিলীন হয়ে গেছে। এ ছাড়া ২৬টি পরিবার হারিয়েছে বসতবাড়ি। ঢেউখালী ইউপি চেয়ারম্যান মো. ইনছান হাওলাদার বলেন, দরবার শরিফ বাঁচাতে পাউবো বালুর ব্যাগ নিক্ষেপ করেছে। কিন্তু তাতেও ভাঙন ঠেকানো যায়নি। ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার বলেন, চন্দ্রপাড়া দরগা শরিফ রক্ষার জন্য গত বছর নদীতীরের ৫০০ মিটার অংশে কাজ হয়েছে। এ বছর আরও ১০০ মিটার অংশে কাজ হয়েছে। ফেলা হয়েছে ১৪ হাজার ২০০ বালুভর্তি জিও ব্যাগ। উপজেলার অন্য তিনটি ইউনিয়নে পাউবোর কোনো কার্যক্রম নেই।সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন জানান, ভাঙনের বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। ইউপি চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্তদের তালিকা করে জমা দিতে বলা হয়েছে। সরকারি সাহায্যের বরাদ্দ পাওয়া গেলে বিতরণ করা হবে।