দেশে ফিরল ১৫৯ বাংলাদেশি
সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় মিয়ানমার উপকূল থেকে উদ্ধার করা আরও ১৫৯ জন বাংলাদেশিকে আজ সোমবার দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। বেলা সোয়া দুইটার দিকে বিজিবির একটি প্রতিনিধি দল তাঁদের নিয়ে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পৌঁছায়। এরপর তাঁদের পুলিশের হাতে তুলে দেয় বিজিবি। এখন তাঁদের কয়েকটি গাড়িতে করে কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে।
কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথের পক্ষ থেকে মোবাইলে পাঠানো এক খুদেবার্তায় বলা হয়, মালয়েশিয়ায় অভিবাসন-প্রত্যাশী এই ১৫৯ বাংলাদেশির মধ্যে রয়েছে ১০ জেলার লোক রয়েছে। এর মধ্যে নরসিংদীর ৭৮ জন, নারায়ণগঞ্জের ১৪ জন, কিশোরগঞ্জের ১৩ জন, ফরিদপুরের ১২ জন, হবিগঞ্জের ১৭ জন, নওগাঁর দুজন, নাটোরের একজন, শরীয়তপুরের তিনজন, বরিশালের একজন ও চট্টগ্রামের ১৮ জন।
উদ্ধার হওয়া এই বাংলাদেশিদের নিয়ে আসতে সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলনাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের মৈত্রী সেতু দিয়ে মিয়ানমারে যায়। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ঢেকিবুনিয়া ক্যাম্পে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে পতাকা বৈঠক করে বাংলাদেশের প্রতিনিধি দলটি। বৈঠকে ১৫৯ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
ঘুমধুম সীমান্ত থেকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ প্রথম আলোকে বলেন, বাংলাদেশ প্রতিনিধি দলটি সকাল সাড়ে ১০টার দিকে মিয়ানমারে পৌঁছায়। সেখান থেকে ১৫৯ বাংলাদেশিকে নিয়ে তাঁরা বেলা সোয়া দুইটার দিকে বাংলাদেশ সীমান্তের ঘুমধুম বিজিবি ফাঁড়িতে পৌঁছান। এখন তাঁদের একাধিক বাসে তুলে কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। সেখানে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্ন করে তাঁদের ছেড়ে দেবেন।
বিজিবি সূত্র জানায়, গত ৩১ জুলাই এই ১৫৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় কোমেনের কারণে তা সম্ভব হয়নি। দ্বিতীয় দফায় চলতি মাসের ৫ তারিখে তাঁদের আনার কথা ছিল। কিন্তু মিয়ানমারে বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারণে তখনো সম্ভব হয়নি।
গত ৮ জুন প্রথম দফায় ১৫০ জন ও ১৯ জুন দ্বিতীয় দফায় ৩৭ জনকে ও তৃতীয় দফায় ২২ জুলাই ১৫৫ জনকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়।