১৫৯ অভিবাসীর দেশে ফেরা পিছিয়েছে
মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার ১৫৯ জন বাংলাদেশি অভিবাসীর ফেরা আবারও পিছিয়েছে। গতকাল বুধবার মিয়ানমারে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থগিত করা হয়। ওই বৈঠকের পর বাংলাদেশি অভিবাসীদের বিজিবির কাছে হস্তান্তরের কথা ছিল।
এর আগে গত ৩০ জুলাই ১৫৯ অভিবাসীকে দেশে ফিরিয়ে আনার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় কোমেনের কারণে তখন অভিবাসীদের প্রত্যাবর্তন-প্রক্রিয়া স্থগিত করা হয়।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম জানান, গতকাল সকাল ১০টার দিকে তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ঘুমধুম সীমান্তের মৈত্রী সেতু দিয়ে মিয়ানমারে যাওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু মিয়ানমারে বন্যা পরিস্থিতি ও ভারী বর্ষণের কারণে পতাকা বৈঠক স্থগিত করা হয়েছে। সুবিধাজনক সময়ে অভিবাসীদের দেশে ফিরিয়ে আনা হবে।
পুলিশ জানায়, ১৫৯ অভিবাসীর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের ১২ জন, কিশোরগঞ্জের ১৩ জন, চট্টগ্রামের ১৮ জন, ফরিদপুরের ১২ জন, হবিগঞ্জের ১৭ জন, নরসিংদীর ৮০ জন, নওগাঁর দুজন, নাটোরের একজন, শরীয়তপুরের তিনজন ও বরিশালের একজন। তাঁরা এখন মংডু জেলার একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।