খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০১০-১১ অর্থবছরের জন্য ১৫৯ কোটি ১৯ লাখ টাকার প্রস্তাবিত বাজেট এবং ২০০৯-১০ সালের ১১২ কোটি ১৮ লাখ টাকার সংশোধিত বাজেট ঘোষণা করা হয়েছে। চলতি বছরের বাজেটে নতুর করে কর আরোপ করা হয়নি। গতকাল সোমবার বেলা ১১টায় খুলনা সিটি করপোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির মেয়র তালুকদার আবদুল খালেক বাজেট ঘোষণা করেন। বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির অর্থ ও সংস্থাপনবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর মেমোরি সুফিয়া রহমান।প্রস্তাবিত বাজেটকে উন্নয়নমুখী উল্লেখ করে সিটি মেয়র বলেন, বাজেটে নতুন করে কর আরোপের প্রস্তাব করা হয়নি। বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত সব স্থাপনার ওপর হালনাগাদ কর ধার্য এবং নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা হবে।প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি ৯১ লাখ টাকা এবং সরকারি অনুদাননির্ভর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১০৮ কোটি ২৮ লাখ টাকা।কেসিসির প্রস্তাবিত বাজেটে খুলনা শহরের ভৌত অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা ও পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পে ১৬ কোটি ৩৭ লাখ, স্যানিটারি ল্যান্ডফিল্ড নির্মাণ প্রকল্পে দুই কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ময়ূর নদীর পারে লিনিয়ান পার্ক নির্মাণ প্রকল্পে চার কোটি ২১ লাখ, খুলনা মহানগরের রাস্তা, ফুটপাত সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পে ৩০ কোটি টাকা এবং সার্ভে-টু-মিটিগেট ওয়াটার লগিং প্রব্লেম ইন খুলনা সিটি প্রকল্পে এক কোটি ১২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।