১৫ আগস্টের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে ১৬ আগস্ট কাফনের কাপড় পরে মহাসড়কে নামার ঘোষণা দিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা।
গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন জেলা অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়নের নেতারা। তাঁরা বলেন, ওই দিন থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হবে।
একই দাবিতে ২ আগস্ট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সিলেট জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট ও মহাসড়কে অবস্থান কর্মসূচি শুরু করেছিল। কিন্তু এদিন বিকেলে জেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করা হয়। সংবাদ সম্মেলনে ইউনিয়নের নেতারা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে সবার অনুরোধে সিলেটে ১৫ আগস্ট পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে। আপাতত তাঁরা কঠোর আন্দোলনে যাচ্ছেন না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, সিলেট জেলায় প্রায় সাত হাজার সিএনজিচালিত অটোরিকশা রয়েছে। এতে ১০-১২ লাখ যাত্রী যাতায়াত করেন। মহাসড়ক ব্যবহার ছাড়া চালকদের বিকল্প কোনো পথ নেই। অনেক ফিলিং স্টেশনও মহাসড়কের পাশে। বিআরটিএর কার্যালয়ে যেতে হলেও মহাসড়ক দিয়ে যেতে হয়। তাই সরকারি এ সিদ্ধান্তে সারা দেশের মতো সিলেটের চালকেরাও বিপাকে পড়েছেন। বিকল্প ব্যবস্থা না করে এমন সিদ্ধান্তে শুধু চালকেরা নন, যাত্রীরাও হতবাক।