১৬ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু
আগামী ১৬ আগস্ট থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এই ফ্লাইট চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আর ফিরতি ফ্লাইট আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে হজযাত্রী পরিবহন কার্যক্রম সুষ্ঠু, ফলপ্রসূ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে প্রস্তুতি বিষয়ক এক আন্তমন্ত্রণালয় সভা শেষে রাশেদ খান মেনন সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী বলেন, এ বছর হজ ফ্লাইট আরও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ভলান্টিয়ার সার্ভিসিংয়ের ব্যবস্থা করা হবে। টিকিট নিয়ে যাত্রীদের অতীতে যে বিড়ম্বনা পোহাতে হয়েছে, এ বছর থেকে তার পুনরাবৃত্তি যাতে না হয় এ কারণে টিকিটি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি হজযাত্রী লাগেজে ৩২ কেজি এবং হাতে সাত কেজি মালামাল পরিবহন করতে পারবেন।
মন্ত্রী জানান, সৌদি সরকারের প্রদত্ত র্যাঙ্কিংয়ে গত বছর হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনস যাত্রী পরিবহন করবে। এ ছাড়া হজের জন্য ওয়ানওয়ে টিকিটের কোনো সুযোগ থাকছে না। ফিরতি ফ্লাইটের যাত্রীদের সুবিধার্থে মক্কা ও মদিনায় চেকিং পয়েন্টসের ব্যবস্থা রাখা হবে। এতে বিমানবন্দরে যাত্রীদের মালামাল পরিবহন কিংবা চেকিংয়ের বিড়ম্বনা পোহাতে হবে না। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, হজযাত্রীদের জমজমের পানি আনতে হবে না। এয়ারলাইনস দুটি নিজ উদ্যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জমজমের পানি সরবরাহ করবে।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক, সৌদি এয়ারলাইনসের নির্বাহী মীর ওমর খাইয়াম, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (সেলস) মোহাম্মদ শাহনেওয়াজ, আটাব সভাপতি এস এম মঞ্জুর মোর্শেদ মাহবুব উপস্থিত ছিলেন।