১৬ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু
চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে তা ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংশ্লিষ্ট এয়ারলাইনসের প্রস্ততিবিষয়ক এক সভাশেষে সাংবাদিকদের এ তথ্য জানান। খবর বাসসের।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইনস সমানুপাতিক হারে যাত্রী পরিবহন করবে। ওয়ানওয়ে টিকিটের কোনো সুযোগ থাকছে না।’
রাশেদ খান মেনন আরও বলেন, সিদ্ধান্ত অনুযায়ী হজযাত্রীদের জমজমের পানিও আনতে হবে না। এয়ারলাইনস দুটি নিজস্ব উদ্যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জমজমের পানি সরবরাহ করা হবে। তিনি বলেন, এ বছর হজ ফ্লাইট আরও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ভলান্টিয়ার সার্ভিসিংয়ের ব্যবস্থা করা হবে। প্রত্যেক যাত্রী লাগেজে সর্বোচ্চ ৩২ কেজি এবং হাতে সাত কেজি মালামাল পরিবহন করতে পারবেন। সৌদি সরকারের র্যাংকিংয়ে গত বছর হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে বলে মন্ত্রী জানান। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী বাবুল হাসান, সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক, সৌদি এয়ারলাইনসের নির্বাহী মীর ওমর খাইয়াম, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (সেলস) মোহাম্মদ শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।