১৬ আগস্ট দেশব্যাপী কর্মবিরতির ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের শালগাড়িয়া মহল্লায় সাইকেল চুরির অভিযোগে তুলসী চন্দ্র দাসকে (২২) পিটিয়ে হত্যা ঘটনার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হরিজন নেতারা। মামলাটি ভিন্ন খাতে নেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ জেলা শাখা গতকাল রোববার সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে। জেলা শাখার পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এ ছাড়া বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৬ আগস্ট দেশব্যাপী সব অফিস-আদালতে হরিজনদের কর্মবিরতিসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে। একই সঙ্গে আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন পরিষদের নেতারা।
এ সময় পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষ্ণ লাল ও মহাসচিব নির্মল চন্দ্র দাস এবং পাবনা জেলা শাখার সভাপতি সুবল কুমার দাস ও সাধারণ সম্পাদক কবিরাজ হাড়ীসহ হরিজন সম্প্রদায়ের আরও তিন শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। তাঁরা সংবাদ সম্মেলনের আগে শহরে বিক্ষোভ ও মানববন্ধন করেন।
মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ৯ আগস্ট মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, ১০ আগস্ট ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ১২ আগস্ট পাবনা শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গণে সাক্ষরতা অভিযান, ১৪ আগস্ট পাবনার মুক্তমঞ্চে সমাবেশ, ১৬ আগস্ট দেশব্যাপী সব অফিস-আদালতে হরিজনদের কর্মবিরতি, ১৮ আগস্ট জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও সংবাদ সম্মেলন এবং ২০ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন।
লিখিত বক্তব্যে হরিজন নেতারা বলেন, দেশব্যাপী ১৫ লাখ হরিজন সম্প্রদায়ের লোক বসবাস করেন—যাঁরা বংশপরম্পরায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাছ করছেন। দেশের কোথাও তাঁদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাইসহ কোনো সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নেই। কিন্তু দুর্বলতার কারণে তাঁদের ওপর মিথ্যা অপবাদ ও অভিযোগ চাপানো হয়। এমনই একটি অভিযোগ তুলে ১ আগস্ট তুলসী চন্দ্র দাসকে হাত-পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তাঁরা হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তাঁরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বারবার আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে একজন ছাড়া ঘটনার সঙ্গে জড়িত মূল আসামিদের কাউকে গ্রেপ্তার করা হয়নি।
জেলা শাখার সভাপতি সুবল কুমার দাস বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের বিষয়ে প্রশাসনের উদাসীনতায় আমরা উদ্বিগ্ন। আসামিরা স্থানীয়ভাবে অত্যন্ত প্রভাবশালী। ফলে আমরা ময়নাতদন্ত প্রতিবেদন ও মামলা অন্য খাতে প্রভাবিত হওয়ার আশঙ্কা করছি।’
তুলসীর বাবা বিনোদ কুমার দাস জানান, তিনি সংগীতচর্চা করেন। ছেলেকে সংস্কৃতিমনা করে বড় করেছিলেন। তাঁর ছেলে চোর নয়। কারখানায় কিছু অবৈধ কর্মকাণ্ড চলত। তুলসী সে সব জেনে যাওয়ায় সাইকেল চুরির অপবাদ দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। তিনি জীবদ্দশায় আর কিছু নয়, শুধু ছেলে হত্যার বিচার চান।
সংবাদ সম্মেলনে তুলসীর ছয় মাসের মেয়ে সুচিত্রা দাসকে কোলে নিয়ে নির্বাক বসে ছিলেন স্ত্রী সুষমা দাস। মাত্র দেড় বছর আগে বিয়ে হয়েছে। শিশু মেয়েকে নিয়ে এখন অসহায় সুষমা দাস। শোকে শুকিয়ে গেছে চোখের জল। সাংবাদিকদের অনেক প্রশ্নে তাঁর একটাই কথা, ‘আমি স্বামী হত্যার বিচার চাই।’
তুলসী চন্দ্র দাস শালগাড়িয়া মহল্লার নিয়ম ফুড লিমিটেড কারখানার পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। ১ আগস্ট কারখানার এক কর্মচারীর সাইকেল চুরির অভিযোগে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তুলসীর বাবা কারখানার মালিক ফরহাদ হোসেন, মালিকের ভাই জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক আবদুল হান্নান, ভাতিজা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রফিকুলের বাবা এ কে এম হাসানসহ ১১ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। পুলিশ ঘটনার রাতে এ কে এম হাসানকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে ২, ৩ ও ৫ আগস্ট প্রথম আলোয় সংবাদ ও ছবি ছাপা হয়েছে।