১৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে আলোচিত সোহাগ হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।মামলার প্রায় আট বছর পর গতকাল বৃহস্পতিবার ফেনীর অতিরিক্ত জেলা জজ মুহম্মদ হারুনুর রশিদ এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ১৬ জনের মধ্যে কারাগারে আছেন ছয়জন, অপর ১০ জন পলাতক রয়েছেন।নিহত সোহাগের বাবা হাবিব উল্লাহ ২০০৪ সালের ১৪ এপ্রিল দাগনভূঞা থানায় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।কারাগারে আটক ছয়জন হলেন: মাঈন উদ্দিন (২৩), মোজাম্মেল (২৬), দিদার (৩১), ফখরুল ইসলাম (৩২), জাহাঙ্গীর আলম (২১) ও আবুল কালাম (২৫)। পলাতক ১০ জন হলেন: নবী (২৫), নয়ন (২৫), মীর হোসেন (২২), ইয়াছিন (২৩), হালিম (২৪), কামাল উদ্দিন (৩২), জানে আলম প্রকাশ জানা (২০), জয়নাল আবেদীন প্রকাশ মকবুল (১৯), রতন (২৩) ও হারুন (২৮)। কারাগারে আটক ও পলাতক আসামিদের বাড়ি দাগনভূঞা উপজেলার গজারিয়া, জায়লস্কর ও খুশিপুর গ্রামে। সোহাগ হত্যা মামলায় মোট আসামি ছিল ১৭ জন। কিন্তু মামলা চলাকালে রফিক উল্লাহ ওরফে রফিক মেম্বার (৩০) নামে এক আসামির মৃত্যু হয়।রায়ে উল্লেখ করা হয়েছে, পলাতক আসামিরা যেদিন আদালতে আত্মসমর্পণ করবে অথবা পুলিশ তাদের গ্রেপ্তার করবে, সেদিন থেকেই সাজা কার্যকর হবে।আদালত সূত্র জানায়, দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের মুদি দোকানদার নূর আলম সোহাগকে ২০০৪ সালের ১৩ এপ্রিল পিটিয়ে হত্যা করে আসামিরা। পাওনা টাকা চাওয়ায় এবং বাকিতে মালামাল বিক্রি করতে রাজি না হওয়ার সোহাগের দোকানে হামলা চালায় আসামিরা। টিউবওয়েলের (নলকূপ) হাতল দিয়ে সোহাগকে পিটিয়ে হত্যার পর গজারিয়া বাজারে লাশ ফেলে রাখা হয়। গতকাল রায়ের পর সন্তোষ প্রকাশ করে সোহাগের বাবা হাবিব উল্লাহ বলেন, দীর্ঘ সময় লাগলেও তিনি ন্যায়বিচার পেয়েছেন। বাদীপক্ষে মামলা পরিচালনাকারী ফেনীর সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) দিজেন্দ্র কুমার কংশ জানান, রায়ে সত্যের জয় হয়েছে। আসামিপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন খান জানান, এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।