দিনাজপুরের চারটি উপজেলার ২৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে মাত্র সাতজন দায়িত্ব গ্রহণ করেছেন। ১৬ জনই দায়িত্ব বুঝে পাননি। এর আগে নির্বাচিত চেয়ারম্যানদের দাবি, এখনো তাঁদের পাঁচ বছরের মেয়াদপূর্তি হয়নি। এ কারণে দায়িত্ব বুঝিয়ে দেননি।
উপজেলা চারটি হলো বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ। এই চার উপজেলার নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনের প্রথম ধাপে ২২ মার্চ হাকিমপুর উপজেলার তিনটি ও ঘোড়াঘাট উপজেলার চারটিতে ভোট হয়। দ্বিতীয় ধাপে ৩১ মার্চ বিরামপুরের সাতটি ও নবাবগঞ্জে নয়টিতে নির্বাচন হয়। এর মধ্যে ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট ইউপি, হাকিমপুরের আলীহাট, বিরামপুরের খানপুর ও নবাবগঞ্জের জয়পুর ইউপির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হন। তাঁরা বিধি অনুযায়ী নতুন দায়িত্ব বুঝে নিয়েছেন। এ ছাড়া বিনা বাধায় নবাবগঞ্জ উপজেলার কুশদহ, পুটিমারার ও মাহমুদপুর ইউপির চেয়ারম্যানরা নবনির্বাচিত চেয়ারম্যানদের বিধি অনুযায়ী দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।
চার উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ৫ এপ্রিল থেকে ২৫ মের মধ্যে ২৩টি ইউপির নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যানরা ২৭ এপ্রিল থেকে ২ জুনের মধ্যে শপথ নেন।
নবনির্বাচিত কয়েকজন চেয়ারম্যান বলেন, বিধি মোতাবেক শপথ নেওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে তাঁদের প্রথম সভা করার বাধ্যবাধকতা রয়েছে। এ জন্য তাঁরা ইতিমধ্যে প্রথম সভা করেছেন। এখন তাঁরাই বৈধ চেয়ারম্যান। তাঁরপরও তাঁদের দায়িত্ব গ্রহণ করতে দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এর আগে নির্বাচিত একাধিক চেয়ারম্যান বলেন, ইউপি আইনের ধারা ২৯-এর উপধারা ১ অনুযায়ী, কোনো পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা সংশ্লিষ্ট পরিষদের প্রথম সভা অনুষ্ঠানের দিন থেকে পাঁচ বছরের জন্য উক্ত পদে অধিষ্ঠিত থাকবেন। সে হিসেবে এই চার উপজেলার চেয়ারম্যানদের মেয়াদ শেষ হবে ২২ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে। এর আগ পর্যন্ত তাঁরা বৈধ চেয়ারম্যান।
এদিকে ঘোড়াঘাটের পালশা এবং নবাবগঞ্জের গোলাপগঞ্জ, বিনোদনগর, শালখুরিয়া, দাউদপুর ও ভাদুরিয়া ইউপির চেয়ারম্যানরা উচ্চ আদালতের রিট করেছিলেন। হাইকোর্ট পাঁচ বছর মেয়াদপূর্তি পর্যন্ত তাঁদের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
গোলালপগঞ্জ ইউপির চেয়ারম্যান রওশন আলী বলেন, নবনির্বাচিত চেয়ারম্যানদের অবৈধ গেজেট ও শপথ বাতিলের দাবিতে তাঁরা আদালতে মামলা করবেন।
জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার বলেন, গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে শপথ ও প্রথম সভা বাধ্যতামূলক নয়। জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ চেয়ারম্যানদের মেয়াদপূর্তির বিষয়টি মাথায় রেখে নবনির্বাচিতদের শপথ করালে এ জটিলতার সৃষ্টি হতো না।