চট্টগ্রামের বোয়ালখালী ও চন্দনাইশ উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল শনিবার শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের সমর্থক ১১ জন, বিএনপি ও এলডিপির দুইজন করে এবং ইসলামী ফ্রন্টের সমর্থক একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বোয়ালখালী: বোয়ালখালীর সাতটি ইউপির চারটিতে আওয়ামী লীগের, দুইটিতে বিএনপির ও একটিতে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যানেরা হলেন, শাকপুরায় আবদুল মান্নান মুনাফ, পোপাদিয়ায় এস এম জসিম, শ্রীপুর-খরণদ্বীপে মো. মোকারম ও আমুচিয়ায় কাজল দে।বিএনপির সমর্থক দুজন চেয়ারম্যান হলেন, সারোয়াতলীতে এম নূর মোহাম্মদ ও আহলা-করলডেঙ্গায় হামিদুল হক। ইসলামী ফ্রন্টের সমর্থক চেয়ারম্যান হলেন চরণদ্বীপের শোয়াইব রেজা। বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলসাদ বেগম এ ফলাফল নিশ্চিত করেন।চন্দনাইশ: চন্দনাইশের নয়টি ইউপির সাতটিতে আওয়ামী লীগের সমর্থক ও দুইটিতে এলডিপির সমর্থক প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী লীগের সমর্থক নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, দোহাজারিতে আবদুল্লাহ আল নোমান, বরমায় নুরুল ইসলাম, জেয়ারাতে আহমেদ হোসেন ফকির, বরকলে হাবিবুর রহমান, বৈলতলীতে আহমদ হোসেন চৌধুরী, কাঞ্চনাবাদে আবদুর শুক্কুর ও সাতবাড়িয়ায় আহমেদুর রহমান। এলডিপির সমর্থক দুজন ইউপি চেয়ারম্যান হলেন, হাশিমপুরে মোহাম্মদ আলী ও ধোপাছাড়িতে আবু ইউসুফ। চন্দনাইশের ইউএনও এমদাদুল হক চৌধুরী ইউপি নির্বাচনের এ ফলাফল নিশ্চিত করেন।