দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

বগুড়ার মোকামতলা-সোনাতলা-সারিয়াকান্দি ৪০ কিলোমিটার সড়কের অর্ধেক অংশই বেহাল। মোকামতলা থেকে সোনাতলা পর্যন্ত ১৬ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানাখন্দ তৈরি হয়েছে। ভাঙাচোরা সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
অন্যদিকে যমুনা নদীর ডান তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর নির্মিত সোনাতলা-সারিয়াকান্দি অংশে বহু স্থানে কার্পেটিং উঠে যাওয়া ছাড়াও বিভিন্ন স্থানে একপাশ ধসে গেছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল হালিম প্রথম আলোকে বলেন, সড়কের ৪০ কিলোমিটারের মধ্যে ১৮ থেকে ২০ কিলোমিটার অংশ বেশি খারাপ। খারাপ অংশ দ্রুত সংস্কার করা প্রয়োজন। মোকামতলা-সোনাতলা অংশের ১৬ কিলোমিটারের মধ্যে ৩ কিলোমিটার বেশি খারাপ অংশ সংস্কারের প্রক্রিয়া চলছে। আর জেলা সড়ক উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় আরও ১০ কিলোমিটার অংশ সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে।
গত ২৫ ডিসেম্বর সরেজমিন ঘুরে দেখা গেছে, মোকামতলা থেকে সোনাতলা পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের প্রায় পুরোটা বেহাল। সড়কের বহু স্থানে ভাঙাচোরা এবং গর্ত তৈরি হয়েছে। খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে গাইবান্ধার সাঘাটা (জুম্মারবাড়ি) থেকেও অনেক যাত্রীবাহী বাস চলাচল করে।
সোনাতলা উপজেলার বালুয়াহাট থেকে ছোট বালুয়া ঈদগাহ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার অংশ সবচেয়ে বেশি খারাপ। সোনাতলা থেকে পাকুল্যা পর্যন্ত অংশ মাঝে মাঝে খোয়া-কার্পেটিং উঠে গেছে। পাকুল্যা-কাচারিবাজার থেকে সারিয়াকান্দি পর্যন্ত অংশের বহু স্থানে কার্পেটিং উঠে যাওয়ার পাশাপাশি বাঁধের পাড় ধসে গেছে।
বালুয়াহাটের ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, বালুয়াহাট থেকে ছোট বালুয়া পর্যন্ত আধা কিলোমিটার বেহাল অংশ বর্ষা মৌসুমে কাদাপানিতে একাকার ছিল। এখন ভাঙাচোরা সড়কে ভ্যানগাড়িও ঠিকমতো চলে না।
বালুয়াহাটের কয়েকজন ব্যবসায়ী বলেন, উপজেলার বৃহৎ এই হাটে ধান-চাল, পাট ছাড়াও গরু-ছাগলের ব্যাপক কেনাবেচা হয়। এ ছাড়া এখানে ব্যাগের কারখানা, কম্বল-চাদরের কারখানার মতো শিল্প গড়ে উঠেছে। বেহাল সড়কের কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।
বাসচালক শফিকুল ইসলাম বলেন, এ সড়কের বগুড়া থেকে সোনাতলা ও জুম্মারবাড়ি পর্যন্ত প্রতিদিন বহু বাস চলাচল করে। ভাঙাচোরা ও এবড়োখেবড়ো সড়কে ঝুঁকি নিয়ে বাস চালাতে হচ্ছে।
অটোরিকশার যাত্রী সোনাতলার আগুনাতাইরের বিজলি বেগম বলেন, ‘তামান সড়কই ভাঙা। ভাঙা সড়কত সিএনজিত ওঠে থ্যাকনায় কোমর ভাঙে যাওয়ার মতো অবস্থা।’
সোনাতলা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ বলেন, দাপ্তরিক কাজ ছাড়াও নানা প্রয়োজনে সোনাতলাবাসীকে জেলা শহরে যেতে হয়। বেশির ভাগ মানুষ মোকামতলা হয়ে যাতায়াত করেন। বেহাল সড়কের কারণে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।
এদিকে পাকুল্যা কাচারিবাজার থেকে সারিয়াকান্দি পর্যন্ত প্রতিদিন বহু অটোরিকশা ও ভ্যান চলাচল করে। ভ্যানচালক আক্কাস আলী বলেন, ‘বাঁধের এই সড়কের ম্যালা জাগাত ভ্যাঙ্গে গেচে। রাতে অন্ধকারে ভ্যান লিয়ে সড়কত চলাচল করা যায় না।’
পাকুল্যা বাজারের ব্যবসায়ী ইদরিস আলী বলেন, পাকুল্যা কাচারিবাজার থেকে প্রতিদিন ধান, চাল, পাট ছাড়াও নানা কৃষিপণ্য দেশের দূর-দূরান্তে পাঠাতে হয়। কিন্তু বেহাল সড়কে ট্রাকচালকেরা পণ্য পরিবহন করতে চান না। ফলে পণ্য পরিবহনে ভটভটিই এখন সম্বল। পরিবহন-সমস্যার কারণে বাইরের ব্যবসায়ীরা এখান থেকে ধান-পাট কিনতে চান না।