১৬ কিলোমিটার যেতে ২ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-তামাবিল মহাসড়কের দৈর্ঘ্য ৬৫ কিলোমিটার। এর মধ্যে শ্রীপুর থেকে জাফলং পর্যন্ত বেহাল হয়ে পড়েছে। মাত্র ১৬ কিলোমিটার এই পথ পেরোতেই সময় লাগছে প্রায় দুই ঘণ্টা। প্রাকৃতিক পর্যটনকেন্দ্রটিতে পৌঁছাতে ভোগান্তিতে পড়ছেন পর্যটকেরা। ভাঙাচোরা, খানাখন্দে ভরা সড়কে অতিরিক্ত সময় ব্যয়ের পাশাপাশি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাঁদের।

সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার জাফলং। ওপার থেকে নেমে আসা ডাউকি ও পিয়াইন নদ-নদীর অববাহিকা এলাকা ঘিরে প্রাকৃতিক পর্যটনকেন্দ্র। বছরজুড়ে এখানে থাকে পর্যটকদের আনাগোনা। উৎসবসহ যেকোনো ছুটিতে পর্যটকদের ঢল নামে। এবারের ঈদেও বেহাল সড়কে পর্যটকদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

সিলেট শহর থেকে জৈন্তাপুর বাজারের দূরত্ব ৪০ কিলোমিটার। বাজারটি পেরিয়ে যাওয়ার পরই সড়কে দেখা যায় ছোট ছোট গর্ত। আরও কিছুটা এগিয়ে গেলেই গর্তগুলো বড় হতে থাকে। শ্রীপুর থেকেই বেহাল সড়কের দেখা মেলে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, শ্রীপুর পিকনিক স্পট, আলুবাগান, নলজুরি সেতুর মুখ, তামাবিল, মুহম্মদপুর, রহমতপুর, গুচ্ছগ্রাম, মামাবাজার, বল্লাঘাট এলাকায় খানাখন্দে পানি জমে গর্তের সৃষ্টি হয়েছে। ভারী যান চলাচলের কারণে গর্তগুলোর আরও নাজুক দশা। বৃদ্ধি পাচ্ছে গর্তের আকার। ঈদের সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এই গর্তগুলোতে ইট ও বালু ফেলে মেরামতের চেষ্টা করেছে। তবে পাথর, কয়লাসহ ভারী যানবাহন চলাচলের কারণে মহাসড়কের এই ১৬ কিলোমিটার আরও বেহাল হয়ে পড়েছে।

সিলেট-জাফলং রুটে পাঁচ বছর ধরে বাস চালান আফজল মিয়া। কিন্তু এবারের মতো সড়কের এমন দশা আর দেখেননি। তিনি বলেন, এই ১৬ কিলোমিটার সড়ক অতিক্রম করতেই সময় লেগে যায় প্রায় দুই ঘণ্টা। আগে সময় লাগত মাত্র ২০ মিনিট। আগে যেখানে দিনে দুবার যাত্রী পরিবহন করা যেত, এখন একবার চালানোর পর গাড়ি মেরামতে কেটে যায় দিনের বাকি সময়।

তামাবিল স্থলবন্দর থেকে পাথর পরিবহন করেন ট্রাকচালক সালাউদ্দিন। তিনি বলেন, আগে সিলেট-জাফলং-তামাবিল সড়কে দেড় ঘণ্টায় চলাচল সম্ভব হতো। এখন জাফলং থেকে জৈন্তাপুর পৌঁছাতেই দুই ঘণ্টা চলে যায়। এর মধ্যে আশঙ্কা থাকে দুর্ঘটনা ও গাড়ি বিকল হয়ে পড়ার।

গণপরিবহন, ট্রাক ছাড়াও এই সড়কে যাত্রী নিয়ে চলাচলকারী ছোট যানবাহনগুলোকে ভোগান্তি পোহাতে হয়। এর মধ্যে প্রাইভেট কার, মাইক্রোবাস ও লেগুনার সংখ্যা বেশি, যাতে মূলত পর্যটকেরা যাতায়াত করেন। বন্ধুদের সঙ্গে নিয়ে ঢাকা থেকে জাফলংয়ে বেড়াতে আসা আসাদুজ্জামান বলেন, ‘জানতাম না রাস্তা এত খারাপ। আগে জানতে পারলে এখানে বেড়াতে আসতাম না।’

মহাসড়কের এই অবস্থা সম্পর্কে জানতে চাইলে সওজের সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বলেন, মহাসড়ক সংস্কারে তিনটি ধাপে উন্নয়ন প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো রয়েছে। এ ছাড়া পর্যটকদের চলাচলে জরুরি সংস্কার করা হয়। ১৬ কিলোমিটার অংশে জরুরি সংস্কার শিগগিরই শুরু হবে।