১৬ কিলোমিটারে খানাখন্দ পাঁচটি সেতুই ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকা থেকে ভারতের আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়া অংশের প্রায় ১৬ কিলোমিটার অংশে খানাখন্দের কারণে ভারী যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের পাঁচটি সেতুই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানির পরিমাণ দিন দিন কমছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা-আগরতলা পথে বাস, ত্রিপুরাসহ কয়েকটি রাজ্যে পণ্যবোঝাই ট্রাক, আখাউড়া-কসবা-ধরখার হয়ে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকার পথে শত শত যানবাহন চলাচল করে। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারতের শিলঘাট বাংলাদেশকে এবং বাংলাদেশের আশুগঞ্জ ভারতকে ‘পোর্টকল’ হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এতে নৌপথে পণ্য এনে স্থল বা রেলপথে বাংলাদেশ ও ভারত পণ্য পরিবহনের সুবিধা পাবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ঢাকা-আগরতলা সড়কে যানবাহনের চাপ আরও বাড়বে।স্থানীয় লোকজন জানায়, সড়কের টানমান্দাইল, মোগড়া, দেবগ্রাম ও স্থলবন্দর এলাকার অবস্থা সবচেয়ে করুণ। এর মধ্যে গাজীর বাজার থেকে বন্দর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশে রয়েছে শতাধিক বড় গর্ত। প্রায় পাঁচ কিলোমিটার অংশে পিচই নেই। এসব স্থানে ইটের খোয়া ফেলা হলেও ভারী যানবাহন চলাচলের কারণে আবারও গর্তের সৃষ্টি হয়।ঢাকা-আগরতলার মধ্যে চলাচলকারী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের চালক আজিজুল হক বলেন, ধরখার থেকে স্থলবন্দর পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের বেহাল অবস্থার কারণে বাস চালাতে খুব সমস্যায় পড়তে হচ্ছে। ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের (টিআরটিসি) মৈত্রী বাসের চালক তপন দেব বলেন, বেহাল দশার কারণে এতটুকু পথ যেতেই দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত সময় লাগে। প্রচণ্ড ঝাঁকুনিতে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ে।মোগড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, মোগড়াবাজার এলাকার হাওড়া নদীতে আগের সেতটুির পাটাতন সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় সম্প্রতি সেখানে বেইলি সেতু স্থাপন করা হয়েছে। কিন্তু সেতুটি অপ্রশস্ত হওয়ায় যান চলাচলে সমস্যা হচ্ছে। একই ইউনিয়নের গঙ্গাসাগর এলাকায় ছোট বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয় ব্যক্তিরা সেখানে লালপতাকা টাঙিয়ে রেখেছে। এই সেতুর পাটাতন ভেঙে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে, সড়কটি ভারী যানবাহন চলাচলের উপযোগী করার দাবিতে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোনো কাজ হয়নি। সমিতির সভাপতি সফিকুল ইসলাম বলেন, প্রতিদিন এই বন্দর দিয়ে এক কোটিরও বেশি মূল্যের পণ্য রপ্তানি হয়। অথচ সড়কটির উন্নয়ন হচ্ছে না। বন্দরের শুল্ক কর্মকর্তা ইন্দ্র মোহন দাস বলেন, সড়কটির কারণে ব্যবসায়ীরা নিরুত্সাহিত হচ্ছেন। ফলে দিন দিন রপ্তানি কমছে। দেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও সার্ক চেম্বারের সভাপতি আনিসুল হক প্রথম আলোকে বলেন, সড়কটির উন্নয়ন করতে ফেডারেশনের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হবে। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ১২ ফুট প্রশস্ত সড়কটি পাঁচ থেকে ১০ টন পণ্যবোঝাই যানের ভার সহ্য করার ক্ষমতা রাখে। কিন্তু এই সড়কে প্রতিদিন ২০ থেকে ২৫ টন পণ্যবোঝাই শতাধিক ট্রাক চলাচল করে। নির্বাহী প্রকৌশলী আবদুল ওয়াহিদুজ্জামান বলেন, অতিরিক্ত পণ্যবোঝাই ভারী যান চলাচলের কারণে মেরামত করে সড়কটি ঠিক রাখা সম্ভব নয়। সড়কটি ভারী যান চলাচলের উপযোগী করার জন্য ১১৫ কোটি টাকার একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।