চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ডিসি সড়কের ১৬ কিলোমিটারে ৩৯টি গতিরোধক রয়েছে। এর ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন। গতিরোধকের ভয়ে সড়কে যানবাহন চালান না অনেক চালক। চালকেরা জানান, নিম্নমানের উপকরণ দিয়ে সড়কটি মেরামত করা হয়। ফলে অল্প সময়ে সড়ক যাতে ভেঙে না যায়, তার কৌশল হিসেবে অপ্রয়োজনীয় এসব গতিরোধক বসানো হয়েছে, যা এখন মরণফাঁদে পরিণত হয়েছে।এলাকাবাসী জানায়, ২০০৭ সালের নভেম্বর মাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১২ কোটি টাকা ব্যয়ে সড়কটি মেরামত করে। জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জাইকা) এতে অর্থসহায়তা দেয়। ইউডিসিম্যাক নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি মেরামত করে। সরেজমিন দেখা যায়, ঘাটচেক রাস্তার মাথা থেকে পারুয়া কাটাখালী পর্যন্ত সাত কিলোমিটারে ১৭টি গতিরোধক রয়েছে। রানীরহাট থেকে রাজারহাট পর্যন্ত ছয় কিলোমিটারে রয়েছে আটটি গতিরোধক। এর মধ্যে দোকান, ঘরবাড়ি, মসজিদ, হাটবাজার, মাদ্রাসা, প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ের সামনে আরও ১৪টি গতিরোধক রয়েছে।পারুয়া ডিসি সড়ক সিএনজিচালিত অটোরিকশা সমিতির লাইনম্যান জসিম উদ্দিন জানান, সড়কে গতিরোধক মাড়িয়ে যানবাহন চালাতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। গত বছর ২৭টি দুর্ঘটনায় দুজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।পারুয়া ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম বলেন, গতিরোধকের ভয়ে অনেক চালক সড়কে গাড়ি চালাতে চান না। গাড়ি চালালেও ১৬ কিলোমিটার যেতে দুই ঘণ্টার বেশি সময় লাগে। ফলে অতিরিক্ত ভাড়া গুনতে হয় যাত্রীদের।রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী হাসান আলী বলেন, দুর্ঘটনা রোধে এসব গতিরোধক বসানো হয়েছে। গতিরোধকের কারণে সড়কটিও ভালো থাকবে বেশি দিন। সড়ক মেরামতের কাজে অনিয়ম ও কারচুপির অভিযোগ অস্বীকার করেন তিনি। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, অতিরিক্ত গতিরোধকের কারণে সড়কে দুর্ঘটনা বেড়েছে। গতিরোধক কমিয়ে আনার জন্য প্রতিবেদন দেওয়া হবে।