১৬ কোটি টাকার কাজ ভাগবাটোয়ারার অভিযোগ
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীন ১৬ কোটি টাকার দুটি কাজ চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভাগবাটোয়ারা করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই কাজের দরপত্রে অংশ গ্রহণে ইচ্ছুক দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ ব্যাপারে ১০ মার্চ পাউবোর মহাপরিচালক, বিশ্বব্যাংক ও র্যাবের কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) এবং নেদারল্যান্ডের সহায়তায় কুড়িগ্রামের ধরলা নদীর বড়াইবাড়ী ও দুধকুমার নদী এবং লালমনিরহাটের তিস্তা নদীর হাতীবান্ধা ও পারুলিয়া বন্দর রক্ষা বাঁধ নির্মাণের জন্য গত ২৬ জানুয়ারি দুই গ্রুপে ১৬ কোটি টাকার দরপত্র আহ্বান করে। পাউবোর লালমনিরহাট কার্যালয়ে ওই দরপত্রের শিডিউল জমা দেওয়ার তারিখ ছিল ১০ মার্চ । এ ব্যাপারে ঢাকার এসএ-এসআইজেভি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে মো. সুলতান আহমেদ পাউবোর মহাপরিচালক এবং বিশ্বব্যাংকের সিনিয়র ইরিগেশন ইঞ্জিনিয়ারের কাছে ১০ মার্চ লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, দরপত্র দুটিতে অংশ গ্রহণের জন্য আমাদের প্রতিনিধিকে লালমনিরহাট পাউবো কার্যালয়ে ১০ মার্চ পাঠানো হয়। কিন্তু সেখানে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এবং কতিপয় সন্ত্রাসী বাধা দিলে শিডিউল জমা না দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে ফিরে আসতে বাধ্য হন। পাউবোর মহাপরিচালক ও র্যাব-৫-এর কাছে ১০ মার্চ একই অভিযোগ করেছেন রংপুরের কনসোর্টিয়াম অব এসইসি-এসবি-টিএম ঠিকাদারি প্রতিষ্ঠানের বেনজির আহমেদ।এ ব্যাপারে ঢাকার এসএ-এসআইজেভি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান মো. সুলতান আহমেদ বলেন, পাউবোর লালমরিহাটের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় দরপত্র চক্রের সদস্য ও তাঁদের অনুগত সন্ত্রাসীদের ম্যানেজ করে মেসার্স পারিসা ট্রেড সিস্টেম লিমিটেড, মেসার্স খন্দকার শাহিন আহমেদ, মেসার্স এসএস ইঞ্জিনিয়ারিং এবং মেসার্স নূরুজ্জামান খান নামের চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজের জন্য পাঁচটি করে ১০টি শিডিউল জমা দেয়। সন্ত্রাসীদের বাধার কারণে তাদেরসহ ১৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান শিডিউল জমা দিতে পারেনি। পাউবোর লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মতিন সরকারের সঙ্গে মুঠোফানে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তার কার্যালয় সূত্রে জানা গেছে, তিনি গত ১১ মার্চ থেকে দাপ্তরিক প্রয়োজনে ঢাকায় অবস্থান করছেন।পাউবোর রংপুর কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘লালমনিরহাটে ভয়ভীতি প্রদর্শন করে বাইরের ঠিকাদারদের শিডিউল জমা দিতে বাধা দেওয়ার ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে প্রকৃত ঘটনা কী, তা প্রতিবেদন আকারে জানানোর জন্য পাউবোর লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলীকে বলেছি।’ উল্লিখিত চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।