জাতীয় সংসদে গতকাল সোমবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিম। তিনি বলেছেন, ‘ছবিতে দেখেছি, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী রাজ্জাককে হাতকড়া পরিয়ে রেখেছে। এর অর্থ ১৬ কোটি বাঙালিকে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে, সারা বাংলাদেশকে হাতকড়া পরিয়ে রাখা হয়েছে।’
গতকাল পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় হাজি সেলিম এসব কথা বলেন। তিনি বলেন, বাজেটে বিজিবির জন্য কোটি কোটি টাকা রাখা হয়। তারা কী করে? তাদের কি শক্তি নেই? শক্তি থাকলে তো এমন হওয়ার কথা নয়। তাদের এ ভূমিকায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন²হচ্ছে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক সম্পর্ক আছে। বিজিপির সঙ্গে নেই। সারা বিশ্বে একটা কলঙ্কের নাম মিয়ানমারের বিজিপি। তারা চোরাচালান, মাদক আর ইয়াবার ব্যবসায় জড়িত। তারা গুলি চালাল আর একজনকে তুলে নিয়ে গেল। বিজিবি কিছুই করল না।
হাজি সেলিম বলেন, কোনো কূটনৈতিক আলোচনা না করে, পতাকা বৈঠক না করে রাজ্জাককে (বিজিবির নায়েক আবদুর রাজ্জাক) আটকে রাখা হয়েছে। এরপর বিজিপির ফেসবুকে তিনটি ছবি আপলোড করা হয়েছে। তার একটিতে দেখা গেছে, রাজ্জাকের নাক দিয়ে রক্ত ঝরছে। আরেকটিতে হাতকড়া পরিয়ে তাঁকে আসামির মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে।
গতকাল সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, ফজিলাতুন্নেসা ইন্দিরা, এম এ হান্নান প্রমুখ। এরপর সংসদের অধিবেশন আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়।