১৬ কোটি মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে: ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, ‘এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা সন্তোষ প্রকাশ করছি। আমরা প্রত্যাশা করছি, অবিলম্বে তাঁদের রায় কার্যকর করে এই অপরাধীদের প্রাপ্য শাস্তি মিটিয়ে বাংলাদেশকে চূড়ান্তভাবে কলঙ্কমুক্ত করা হবে।’
গতকাল বুধবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচিতে ইমরান এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, কোনো সময়ক্ষেপণ না করে তাঁদের রায় যথাশীঘ্র কার্যকর করা হবে। কেননা, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনী ইতিমধ্যে বলেছে, এই যুদ্ধাপরাধী ও তাদের দোসররা বাংলাদেশে নানাভাবে নাশকতা, অস্থিরতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। ফলে যত বেশি সময়ক্ষেপণ করা হবে, তত বেশি তারা অস্থিতিশীলতা তৈরির সুযোগ পাবে।’
ইমরান বলেন, এই যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে একের পর এক সহিংসতা শুরু হয়েছে। তারা বাস থেকে শুরু করে রাস্তায়, এমনকি ঘরেও পেট্রলবোমা মেরেছে। এরপর শুরু করেছে ঘরে-বাইরে মানুষ হত্যা। তারপর বিদেশিদের এবং লেখক, ব্লগার ও প্রকাশকদের হত্যা শুরু হয়েছে। গতকালও একজন বিদেশির ওপর হামলা করা হয়েছে। তারা কিন্তু থেমে নেই। তিনি আরও বলেন, ‘তারা বলেছিল কিসের ট্রাইব্যুনাল। বাংলাদেশের মানুষ তাদের বিচার করতে পারবে না। আজকের রায়ে সেটা প্রমাণিত হলো, বাংলাদেশের মানুষ অপরাধীদের সঙ্গে কোনো আপস করে না; স্বাধীনতাবিরোধীদের সঙ্গে তো নয়ই।’
সমাবেশের আগে বেলা সাড়ে ১১টার দিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার খবর শাহবাগে এলে আনন্দ ও উল্লাস প্রকাশ করে স্লোগান দেন মঞ্চের কর্মীরা। পরে আনন্দ মিছিল বের করেন তাঁরা। বিকেলে সাকা-মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন মঞ্চের কর্মীরা। সেখানে সাকা-মুজাহিদের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
এদিকে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম এক বিবৃতিতে বলেছে, সাকা-মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকায় ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার কিছুটা লাঘব হবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে এই রায় অপরাধপ্রবণতা রোধে অগ্রণী ভূমিকা পালন করবে।