১৬ গুণীজনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৬ গুণীজনকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। তাঁদের মধ্যে ৯ জন পেয়েছেন একুশে স্মারক সম্মাননা ও ৭ জন পেয়েছেন সাহিত্য সম্মাননা পুরস্কার। একুশে ফেব্রুয়ারি বিকেলে নগরের মুসলিম ইনস্টিটিউট হল চত্বরের গুণীজনদের হাতে পদক তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এ বছর একুশে স্মারক সম্মাননা পদক পাওয়া ব্যক্তিরা হলেন শিক্ষায় বিকিরণ প্রসাদ বড়ুয়া, ক্রীড়ায় মো. হাফিজুর রহমান, সাংবাদিকতায় এম নাসিরুল হক, সমাজসেবায় মো. আজিম আলী, ভাষা আন্দোলনে অবদান রাখায় শেখ মোজাফফর আহমেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য বেগম মুশতারী শফি, সংগীতে শ্যাম সুন্দর বৈষ্ণব (মরণোত্তর) ও মরমি সংগীতে আবদুল গফুর হালী (মরণোত্তর) ও চিকিৎসাসেবায় এ এস এম ফজলুল করিম।
সাহিত্য সম্মাননা পুরস্কার পাওয়া গুণীজনেরা হলেন কথাসাহিত্যে মোহিত উল আলম, কবিতায় অরুণ দাশ গুপ্ত, শিশুসাহিত্যে বিপুল বড়ুয়া, নাটকে মিলন চৌধুরী ও কবি অভীক ওসমান, মুক্তিযুদ্ধ গবেষণায় মাহফুজুর রহমান এবং প্রবন্ধে মাহবুবুল হক।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বাঙালি জাতির স্বকীয়তা, গণতান্ত্রিক মূল্যবোধ, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মনিরপেক্ষতার প্রতীক অমর একুশ। বাংলা ভাষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্য ভাষা শেখার দিকেও মনোযোগী হতে হবে নতুন প্রজন্মকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে বইমেলা কমিটির আহ্বায়ক নাজমুল হক। বিজ্ঞপ্তি