আট বছরেরও বেশি আগে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হয় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল। কিন্তু ৫০ শয্যারও কম জনবল নিয়ে চলছে হাসপাতালটি। নেই চক্ষু, নাক-কান ও গলা এবং মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন আলাউদ্দীন জানান, ১০০ শয্যার হাসপাতালের জন্য চিকিৎসকের পদ ৪২টি এবং ৫০ শয্যার জন্য ২১টি। কিন্তু হাসপাতালে চিকিৎসক রয়েছেন বর্তমানে মাত্র ১৬ জন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম ও কার্যালয় সূত্র জানায়, বছরের পর বছর এ হাসপাতালে নাক-কান ও গলা বিভাগে কোনো চিকিৎসা হয় না। এ বিভাগের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক বছর তিনেক আগে কিছুদিন থাকার পর বদলি হয়ে চলে যান। এর আগে এবং পরে এ বিভাগের চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আসছে রোগীরা। একই অবস্থা মেডিসিন বিভাগেরও। এ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক নেই দীর্ঘদিন। দুই মাসেরও বেশি আগে জ্যেষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ রবিউল ইসলাম অবসর নিয়েছেন। এর পর থেকেই হাসপাতালে চক্ষু চিকিৎসাও বন্ধ। এ ছাড়া স্ত্রীরোগ বিভাগের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক নেই দীর্ঘদিন।
আরএমও শফিকুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালকে কেবল শয্যা, খাবার ও ওষুধের পরিমাণ বাড়িয়েই ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু ১০০ শয্যার অনুপাতে চিকিৎসকের পদ বাড়ানো হয়নি। উপরন্তু ৫০ শয্যার পরিপূর্ণ জনবলও কখনো দেওয়া হয়নি। ১০০ শয্যার হাসপাতাল হলেও প্রায় সময়ই ৩০-৪০ জন অতিরিক্ত রোগী ভর্তি থাকে হাসপাতালে। অন্যদিকে বহির্বিভাগেও প্রতিদিন চার শতাধিক রোগীকে চিকিৎসা দিতে হয়। কম জনবল নিয়ে চিকিৎসাসেবা দিতে হিমশিত খেতে হয় চিকিৎসকদের। তিনি আরও জানান, প্রায় প্রতি মাসেই জনবল-সংক্রান্ত প্রতিবেদন পাঠানো হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। কিন্তু চিকিৎসক পাওয়া যায় না।
৮ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালের অন্তর্বিভাগে গিয়ে আবদুল জাব্বার নামে এক বৃদ্ধকে দেখা যায়। আব্দুল জাব্বার জানান, তিনি এর আগের দিন রাতে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত তাঁর কাছে চিকিৎসক আসেননি। তিনি বলেন, ‘আমার পাশেই একজন বৃদ্ধ রোগী ছিলেন। এখন পর্যন্ত কোনো চিকিৎসক না আসায় তিনি রাগ করে হাসপাতাল ছেড়ে চলে গেলেন।’
খোঁজ নিয়ে জানা যায়, পুরুষ ওয়ার্ডের মেডিসিন ও অর্থোপেডিক বিভাগে ৩৩ জন রোগী ভর্তি আছে। এ পর্যন্ত তাদের দেখতে কোনো চিকিৎসক আসেননি। একই অবস্থা দেখা যায় মহিলা ওয়ার্ডের এই দুই বিভাগে ভর্তি রোগীর ক্ষেত্রেও। মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা হয় সার্জারি বিভাগের চিকিৎসক নাদিম সরকারের সঙ্গে। তিনি বলেন, ‘আমার ছুটি তবু আসতে হয়েছে। কেননা, সার্জারি বিভাগের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক আজ ছুটিতে রয়েছেন।’
হাসপাতাল সূত্র জানায়, পুরুষ ও মহিলা ওয়ার্ডের হৃদ্রোগ ও মেডিসিন বিভাগে ভর্তি এবং বহির্বিভাগে রোগীদের চিকিৎসা দেন হৃদ্রোগ বিশেষজ্ঞ ওমর ফারুক একাই। দুপুর সাড়ে ১২টার দিকে পুরুষ ওয়ার্ডে গিয়ে জানা যায়, ওমর ফারুক কেবল হৃদ্রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়েছেন।
হাসপাতালের বহির্বিভাগের রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য নির্ধারিত চিকিৎসকের কক্ষের সামনে গিয়ে দেখা যায় তিনি নেই। শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর থেকে আসা লিপি খাতুন চিকিৎসা না নিয়েই ফিরে গেলেন। অবশ্য দায়িত্বরত চিকিৎসকের কক্ষের দরজায় লেখা রয়েছে, ‘রোববার ও বৃহস্পতিবার বহির্বিভাগে রোগীর চিকিৎসা দেওয়া হয় না। এ দুদিন অন্তর্বিভাগে হৃদ্রোগীদের চিকিৎসা দেওয়া হয়’। কিন্তু বেলা সোয়া একটার দিকে ওমর ফারুক কক্ষে আসেন। এ সময় ভিড় জমে যায় রোগীদের। প্রায় পৌনে এক ঘণ্টা চিকিৎসা দেওয়ার পর তিনি বলেন, ‘এ হাসপাতালে হৃদ্রোগ ও মেডিসিন বিভাগে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসকের পদ চারটি। মাসের পর মাস সেখানে আমি একাই চারজনের কাজ করছি। প্রতিদিন অন্তর্বিভাগে কমপক্ষে ৫০ জন ও বহির্বিভাগে সমপরিমাণ রোগীকে চিকিৎসা দিতে হয়। এত রোগী দেখতে গিয়ে সবার প্রতি উপযুক্ত মনোযোগ দেওয়া সম্ভব হয় না।’
ওই চিকিৎসক আরও জানান, তিনি কখনো ছুটিতে গেলে তখন মেডিসিন ও হৃদ্রোগ বিভাগে ভর্তি ও বহির্বিভাগের রোগীদের দেখার কেউ থাকেন না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে কী হাসপাতাল চলে? গুরুত্বপূর্ণ দুটি বিভাগে মাত্র একজন চিকিৎসক, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।
তবে সিভিল সার্জন আলাউদ্দীন জানান, আগের চেয়ে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে।