১৬ চিকিৎসকের কাজ সারেন ৩ জনে!
কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু নেই আর নেই। চিকিৎসক, ওষুধ, যন্ত্রপাতি ও শয্যাসংকটের পাশাপাশি জরাজীর্ণ ভবন, জেনারেটর ও এক্স-রে মেশিন নষ্ট থাকায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রয়োজনীয় সেবা পাচ্ছে না রোগীরা। হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছর আদমশুমারি অনুযায়ী উপজেলার সাতটি ইউনিয়নের দেড় লক্ষাধিক লোকের জন্য ৩১ শয্যার হাসপাতালের দরজা-জানালাসহ মূল ভবনের বিভিন্ন অংশে ফাটল ও প্লাস্টার খসে পড়ছে। আবাসিক কোয়ার্টারগুলোতেও ফাটল ধরছে এবং প্লাস্টার খসে পড়ছে। এখানে ১৬ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত তিনজন। এর মধ্যে একজন চিকিৎসক অফিশিয়াল কাজ নিয়ে ব্যস্ত থাকেন। ফলে প্রতিদিন বহির্বিভাগে রোগীর চাপ সামলাতে দুজনের হিমশিম খেতে হয়। সাতজন নার্সের মধ্যে তিনজনের পদ শূন্য। সরেজমিনে দেখা গেছে, ভবনে অস্ত্রোপচারের আধুনিক কক্ষ ও যন্ত্রপাতি আছে। তবে গাইনি বিশেষজ্ঞ সার্জন ও অবেদনবিদ না থাকায় অস্ত্রোপচার হয় না। ফলে যন্ত্রপাতিগুলো নষ্ট হচ্ছে। মলমূত্র, রক্ত পরীক্ষার জন্য পরীক্ষাগার ও যন্ত্রপাতি থাকলেও সাত বছর ধরে টেকনিশিয়ানের পদ শূন্য। এক্স-রে মেশিন ও টেকনিশিয়ান থাকলেও দুই বছর ধরে এক্স-রে মেশিনটি নষ্ট। ডেন্টাল সার্জন থাকলেও চিকিৎসা সরঞ্জাম না থাকায় তিনি অন্য রোগের চিকিৎসা করছেন। ইসিজি, আলট্রাসনোগ্রামের যন্ত্র নেই। এখানে জেনারেটর থাকলেও ১০ বছর ধরে নষ্ট থাকায় রাতে জরুরি বিভাগে হারিকেন ও মোমবাতি জ্বালিয়ে অনেক সময় কাজ করতে হয়। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা দ্বীন ইসলাম মিয়া, মিরাজ আলী, নুরুল ইসলাম, জসিম, হালিমা, স্বরবানু ও জ্যোৎস্না জানান, প্যারাসিটামল ও অ্যান্টাসিড ছাড়া হাসপাতাল থেকে কোনো ওষুধ দেওয়া হয় না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এহসানুল হক ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা অর্জুন কুমার ঘোষ হাসপাতালের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও চিকিৎসক ও নার্স-সংকটসহ ওষুধের অভাবের কথা নিশ্চিত করেন। তাঁরা দুজনই বলেন, কয়েক দিন আগে হাসপাতালে দুজন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তাঁরা চেষ্টা করে বদলি হয়ে গেছেন। কারণ হিসেবে তাঁরা বলেন, হাওর এলাকা বলে চিকিৎসকেরা এখানে আসতে চান না। তা ছাড়া, হাসপাতালে যে ওষুধ বরাদ্দ পাওয়া যায়, তা সঠিকভাবে দিলে তিন মাস চলবে। বাকি নয় মাস ওষুধবিহীন হাসপাতালটি চালাতে হবে। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘আমি হাসপাতালে গিয়ে চিকিৎসক-সংকটসহ হাসপাতালের সার্বিক দুরবস্থা দেখে এসেছি। আগামী ১৫ ডিসেম্বর জেলা উন্নয়ন সমন্বয় সভায় নিকলীতে চিকিৎসক নিয়োগ দেওয়ার ব্যাপারে জোর দাবি জানাব।’ কিশোরগঞ্জ সিভিল সার্জন হোসেন সারোয়ার খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানিয়ে হাসপাতালের সার্বিক সমস্যা দূর করার আন্তরিক চেষ্টা চালিয়ে যাব।’