১৬ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে অংশ নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় ১৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী জামানত হারিয়েছেন। তাঁদের মধ্যে বিএনপির পাঁচজন, জাতীয় পাটির দুজন ও নয়জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী মোট ভোটের আট ভাগের এক ভাগেরও কম ভোট পাওয়ায় ওই প্রার্থীরা জামানত হারিয়েছেন।
বিএনপির জামানত হারানো প্রার্থীরা হলেন হাতীবান্ধার ডাউয়াবাড়ী ইউপির ছাইয়াকুল ইসলাম, টংভাঙ্গার মোস্তাফিজুর রহমান, গড্ডিমারীর জসিম উদ্দিন, ফকিরপাড়ার দবিয়ার রহমান ও পাটগ্রামের দহগ্রাম ইউপির সাইফুল ইসলাম। জামানত হারানো জাতীয় পার্টির প্রার্থীরা হলেন হাতীবান্ধার ডাউয়াবাড়ী ইউপির মাহবুবুল আলম ও গড্ডিমারীর আনোয়ার হোসেন।
জামানত হারানো স্বতন্ত্র প্রার্থীরা হলেন হাতীবান্ধার ডাউয়াবাড়ীর আবদুস ছাত্তার ও মো. আসাদুজ্জামান, টংভাঙ্গার একরামুল হক, সিন্দুর্নার শামসুল আলম, নওদাবাসের আনোয়ার হোসেন ও আল-আমিন, সিংগীমারীর রেজাউল করীম, ফকিরপাড়ার আজিজার রহমান ও ভেলাগুড়ির মোফাজ্জল হোসেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বলেন, নির্বাচনে তাঁদের দলের চেয়ারম্যান প্রার্থী জয়লাভ না করা ও কয়েকজন প্রার্থীর জামানত হারানোর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। সার্বিক নির্বাচনী পরিবেশ অনুকূলে ছিল না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে ও নির্বাচনী প্রচারণার কাজে নানাভাবে প্রতিপক্ষ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, যদি তাঁদের অভিযোগ সত্য হতো তাহলে হাতীবান্ধা ও পাটগ্রামের সবকটি ইউনিয়নেই নৌকা মার্কার প্রার্থীরা জয়লাভ করতেন। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে বলেই চারজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জনবিচ্ছিন্নতা ও নেতিবাচক রাজনৈতিক ভাবমূর্তির জন্য বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীদের কেউ জয়ী হননি। তাঁদের চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার জন্য অন্যকে দোষ দিয়ে লাভ নেই।