১৬ জন ব্যয়ের হিসাব জমা দেননি, মামলা করছে কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দুই মেয়র প্রার্থীসহ ১৬ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনের ব্যয়ের হিসাব দাখিল করেননি। যাঁরা নির্ধারিত সময়ে হিসাব দাখিল করেননি, তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে কমিশন। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় তাঁদের তালিকা প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠিয়েছে। গত মঙ্গলবার ছিল হিসাব জমা দেওয়ার শেষ সময়।চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, ‘নির্বাচন শেষে আমরা প্রত্যেক প্রার্থীকে চিঠি দিয়ে নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিলের সর্বশেষ তারিখ জানিয়ে দিয়েছিলাম। এখন যে ১৬ জন হিসাব দাখিল করেননি, তাঁদের বিরুদ্ধে কমিশনের প্রচলিত বিধি অনুযায়ী মামলার করা হবে।’ তিনি জানান, এ ধরনের মামলায় সর্বনিম্ন ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের শাস্তির বিধান রয়েছে। জানা গেছে, মেয়র পদে আট প্রার্থীর মধ্যে দুজন ব্যয়ের হিসাব জমা দেননি। এঁরা হলেন চশমা প্রতীকের প্রার্থী সৈয়দ সাজ্জাদ জোহা ও হেলিকপ্টার প্রতীকের মোফাজ্জেল হোসেন ভূঁইয়া। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৫৩ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ১২ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদের ৫৯ জন প্রার্থীর মধ্যে দুজন নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল করেননি। নির্বাচন কমিশন মেয়র পদে প্রতিদ্বন্দ্বীদের জন্য ব্যয়ের সীমা ছিল ৩০ লাখ টাকা। এ পদে নির্বাচিত বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মন্জুর আলম জমা দেওয়া হিসাবে তাঁর ব্যয় দেখিয়েছেন ২৯ লাখ ৭৫ হাজার টাকা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত এ বি এম মহিউদ্দিন চৌধুরী ২৯ লাখ ৯৯ হাজার ৯০০ টাকার ব্যয়ের হিসাব দাখিল করেন।