কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের দিককুল গ্রামের মঞ্জুর আলম (৪২) হত্যার ঘটনায় গত সোমবার রাতে চকরিয়া থানায় ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহত মঞ্জুর আলমের বাবা দলিলুর রহমান বাদী হয়ে ওই মামলা করেন।
মঞ্জুর আলম কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত রোববার বেলা দেড়টায় বেতুয়া বাজার সেতুসংলগ্ন এলাকায় মৃত আহমদ কবিরের চার ছেলে জমির উদ্দিন, জসিম উদ্দিন, আওরঙ্গজেব, মিলন ও তাঁদের সহযোগীরা মঞ্জুর আলমকে কুপিয়ে হত্যা করেন। ওই দিন তিনি বেতুয়া বাজার এলাকায় বিএনপির কেন্দ্রঘোষিত সংগ্রাম কমিটি গঠন শেষে নেতা-কর্মীদের নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বাধা দিতে গিয়ে বিএনপির আরও তিন কর্মী আহত হন।
দলিলুর রহমান তাঁর ছেলে মঞ্জুর আলমের হত্যাকারীদের কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, হত্যাকারীরা পেশাদার সন্ত্রাসী হলেও এখন একটি রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় রয়েছে। এ কারণে পুলিশ তাঁদের গ্রেপ্তারে সাহস দেখাচ্ছে না।