১৬ জনের বিরুদ্ধে মামলা, কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল এলাকায় সেনা কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পে প্রবেশ ও নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে। তাঁদের সহযোগী হিসেবে আরও চারজনকে গত শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার আদালতের মাধ্যমে এই ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিলু কান্তি বড়ুয়া।
গত বৃহস্পতিবার বরকল থেকে তিনজন বৌদ্ধ ভিক্ষুসহ ১২ জনকে আটক করে বিজিবি। পরে শুক্রবার তাঁদের বরকল থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভাস দেওয়ান নিজেকে সেনা কর্মকর্তা হিসেবে বিজিবির কাছে পরিচয় দেন। পরে বিজিবি যাচাই করে জানতে পারে তিনি ভুয়া সেনা কমকর্তা। থানায় হস্তান্তরের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভাসের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে তাঁদের সহযোগী হিসেবে আরও চার যুবককে গ্রেপ্তার করা হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশীদ বলেন, শুক্রবার রাতে গ্রেপ্তার হওয়া চার যুবক হলেন রাঙামাটির শহরতলীর রাঙাপানি গ্রামের সোহেল চাকমা, বাঘাইছড়ি উপজেলার রিটেন চাকমা, জ্ঞানলাল চাকমা ও স্মৃতি বিকাশ চাকমা।
তবে গতকাল আদালত চত্বরে ওই চার যুবক সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁরা চট্টগ্রামের একটি পলিটেকনিক কলেজের ছাত্র। তাঁরাও বিভাস দেওয়ানকে সেনা কর্মকর্তা হিসেবেই জানতেন।
এদিকে রাঙামাটির রাজবন বিহার পরিচালনা কমিটির নির্বাহী সদস্য রণেন্দ্র চাকমা বলেন, তিনজন বৌদ্ধ সাধক আটক হওয়ার ঘটনা নিয়ে গতকাল রাজবন বিহারে বৌদ্ধ সাধক ও বিহার পরিচালনা কমিটির সদস্যরা সভা করেছেন। তিনি জানান, বৌদ্ধ সাধকেরা ভুয়া সেনা কর্মকর্তা বিভাস চাকমার আমন্ত্রণে সেখানে (ফালিটাঙ্যা মোন) যান। আর সবাই বিভাস দেওয়ানের ফাঁদে পড়েছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৌদ্ধ সাধকদের মুক্ত করতে তাঁরা সহায়তা দেবেন।
বিভাস দেওয়ানের মা কণিকা দেওয়ান গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর ছেলের খুবই ইচ্ছে ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার। কিন্তু অনেক চেষ্টার পরও কোনো চাকরিই না পাওয়ায় তাঁর (বিভাস) মানসিক সমস্যা দেখা দেয়।