১৬ জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনায় হল-মার্কসহ পাঁচ প্রতিষ্ঠানের ১৬ কর্মকর্তার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে। এর মধ্যে গত বুধবার ১৪ জনের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়।বাংলাদেশ ব্যাংক এসব তথ্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছ থেকে জানার প্রস্তুতি শেষ করেছে বলে জানা গেছে। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকগুলোতে কোনো চিঠি যায়নি। আগামী রোববার নাগাদ কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে ব্যাংকগুলোর কাছে চিঠি পাঠানো হতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়। সূত্র আরও জানায়, ইতিমধ্যে দুদকের অনানুষ্ঠানিক ও মৌখিক অনুরোধের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে কাজ শেষ হয়েছে। গত বুধবার যাঁদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে তাঁরা হলেন: ডি এন স্পোর্টস লিমিটেড ও ইথান এম্ব্রয়ডারি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, তাঁর মেয়ে এবং ডি এন স্পোর্টসের পরিচালক ফাহমিদা আক্তার চৌধুরী এবং ফাহমিদার স্বামী ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান। টি অ্যান্ড ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান জিনাত ফাতেমা, ব্যবস্থাপনা পরিচালক তাওহিদুল ইসলাম, পরিচালক তাসলিম হাসান। প্যারাগন নিটের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল হাসান রাজা, দুই পরিচালক আবদুল্লাহ আল মামুন ও এস এম মনিরুজ্জামান। নকশি নিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মালেক এবং চেয়ারম্যান আমেনা বেগম। খান জাহান আলী সোয়েটারের চেয়ারম্যান আবদুল জলিল শেখ, ব্যবস্থাপনা পরিচালক মীর মো. শওকত আলী ও পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। এর আগে হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম ও মহাব্যবস্থাপক তুষার আহমেদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েও চিঠি দিয়েছিল দুদক।সম্প্রতি সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জালিয়াতির মাধ্যমে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা আত্মসাতের ঘটনা দেশের ব্যাংক খাতকে নাড়িয়ে দেয়। এর মধ্যে তানভীর মাহমুদের হল-মার্ক গ্রুপ একাই নিয়েছে প্রায় দুই হাজার ৬৬৭ কোটি টাকা।