সিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন সেবিকা থাকার কথা থাকলেও আছেন মাত্র দুজন। সেবিকা-সংকটে প্রসূতি ও শিশু বিভাগসহ প্রতিটি বিভাগে চিকিৎসাসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
এলাকাবাসীর কয়েকজন জানান, তাঁদের উপজেলায় প্রায় সাড়ে তিন লাখ লোক বসবাস করেন। এ উপজেলায় ওই স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল নেই। এখানে প্রতিদিন পাঁচ শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। কিন্তু সেবিকা-সংকটে রোগীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগে রোগীদের প্রচণ্ড ভিড়। কিন্তু সেবিকা না থাকায় ইনজেকশন দেওয়া, স্যালাইন লাগানো, ওষুধ দেওয়াসহ সেবিকাদের যাবতীয় কাজ চিকিৎসকদের করতে হচ্ছে। তবে এ জন্য রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। কোনো কোনো রোগীর স্বজনেরা ইনজেকশন দেওয়াসহ যাবতীয় কাজ করছেন। সেবিকা-সংকটের কারণে সবচেয়ে বেশি সমস্যা পোহাচ্ছেন প্রসূতি বিভাগের রোগীরা। কারণ, প্রসূতি বিভাগে সেবিকাদের কাজ চিকিৎসক বা নিজেদের লোক দিয়ে চালানো সম্ভব হচ্ছে না।
দুই বছর ধরে মাত্র একজন সেবিকা দিয়েই হাসপাতাল চলছিল। ওই সেবিকা ছুটিতে থাকলে রোগীদের কষ্টের শেষ থাকত না। সম্প্রতি আরও একজন সেবিকা এসেছেন। তবে মাত্র দুজন দিয়ে কাজ সারা যাচ্ছে না।
সেবিকা জাহানারা বেগম জানান, দুজন দিয়ে তো আর হাসপাতাল চলে না। তাই রোগীদের অনেক অভিযোগ।
গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ফরিদুল ইসলাম জানান, ‘সেবিকা-সংকটের কারণে চাহিদামতো সেবা দিতে পারছি না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’