১৬ জনের হত্যাকাণ্ডের বিবরণ দিলেন দুই সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষে দুজন সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা একাত্তরের ৩০ মে নগরকান্দার কোদালিয়া গ্রামের ১৬ জনের হত্যাকাণ্ডের বিবরণ দেন; এর সঙ্গে জাহিদ হোসেন জড়িত ছিলেন।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী হাফিজুর রহমান ও নবম সাক্ষী আলাউদ্দিন শেখের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাবিনা ইয়াসমিন খান।
হাফিজুর রহমান (৫৭) জবানবন্দিতে বলেন, তাঁর গ্রামের বাড়ি নগরকান্দার কোদালিয়া শহীদনগরে (একাত্তরে নাম ছিল কোদালিয়া)। একাত্তরের ৩০ মে সকালে পাকিস্তানি সেনা ও সহযোগী রাজাকারদের সঙ্গে নিয়ে খোকন রাজাকারকে (জাহিদ হোসেন) তিনি গ্রামে ঢুকতে দেখেন। এ সময় মা-বাবাসহ পরিবারের সব সদস্যকে নিয়ে তিনি বাড়ির পাশের একটি খাদে লুকান। রাজাকাররা তাঁদের বাড়িসহ কয়েকটি বাড়ি লুটপাটের পর আগুন ধরিয়ে দেয়। এরপর রাজাকাররা তাঁদের খোঁজাখুঁজি করে। লুকিয়ে থাকা অবস্থায় তাঁর (সাক্ষী) দুই বছরের বোন শিউলি কাঁদতে শুরু করলে রাজাকাররা তাঁদের অবস্থান বুঝে ফেলে এবং তাঁদের ফাঁকা জায়গায় নিয়ে তিন ভাগে ভাগ করে।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, এক ভাগে রাখা হয় নারী ও শিশুদের। অন্য দুই ভাগে কিশোর ও পুরুষদের রাখা হয়। পুরুষদের দিয়ে লুটের মালপত্র বহন করানো হয়। কিশোরদের পাহারা দেয় পাকিস্তানি সেনারা। এ সময় আলাউদ্দিন শেখ (নবম সাক্ষী) যেতে না চাইলে খোকন রাজাকার রাইফেলের বাঁট দিয়ে তাঁর কোমরে সজোরে আঘাত করেন। একপর্যায়ে নারী ও শিশুদের স্থানীয় সাত্তার মিয়ার বাড়ির দক্ষিণ পাশে নিয়ে যাওয়া হয়। একটু পর টানা গুলির শব্দ শোনা যায়। পাকিস্তানি সেনাসহ রাজাকাররা চলে যাওয়ার পর সাত্তার মিয়ার বাড়ির পাশে গিয়ে তিনি ১৬ জনের লাশ পড়ে থাকতে দেখেন। নিহত ব্যক্তিদের মধ্যে ছিলেন তাঁর দাদি, চাচি, ফুফু, ছোট বোন রোকসানা ও চাচাতো বোন কলি আক্তার। পাশেই আহতাবস্থায় তাঁর মা রহিমা বেগম, বোন শিউলিসহ ছয়জন পড়ে ছিলেন।
হাফিজুর রহমান আরও বলেন, পরে তিনি মাদ্রাসার পাশে আফজাল মিয়া ও বাড়ির উত্তর পাশের পাটখেতে আবদুস শুকুর শেখের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেন। শুকুর শেখ রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী আলাউদ্দিন শেখের বাবা।
হাফিজুর রহমানের পর জবানবন্দি দেন রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী। তিনিও জবানবন্দিতে একই ঘটনার বিবরণ দেন।
জবানবন্দি শেষে দুই সাক্ষীকেই জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। পরে এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৩ ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
জাহিদ হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। গতকাল পর্যন্ত চার কার্যদিবসে তাঁর বিরুদ্ধে নয়জন সাক্ষ্য দিয়েছেন।
চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ: একই ট্রাইব্যুনাল গতকাল বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং সাংবাদিক মাহফুজউল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দেওয়া কারণ দর্শানো নোটিশের বিষয়ে শুনানির জন্য ২৪ ডিসেম্বর দিন পুনর্নির্ধারণ করেন।
তবে মাহফুজউল্লাহকে ১ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।