১৬ জানুয়ারিকে মুক্তিযোদ্ধা স্মরণ দিবস পালনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর ১৬ জানুয়ারি শহীদ মুক্তিযোদ্ধা স্মরণ দিবস হিসেবে পালনের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রাম। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ট্রাস্টের মহাসচিব ফাহিমউদ্দিন আহমদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে ১৯৭২ সালের ১৬ জানুয়ারি সারা দেশে শোক দিবস পালন করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিবসটি উপলক্ষে এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন। এবার ট্রাস্টের পক্ষ থেকে ১৬ জানুয়ারি মুক্তিযোদ্ধা স্মরণ দিবস পালন করা হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারি ছুটি ঘোষণা না করে এই দিনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ছুটির পর এলাকার শহীদদের নিয়ে আলোচনা করা বাধ্যতামূলক করা হোক।
লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার শহীদদের তালিকা প্রণয়নের একটি উদ্যোগ নিয়েছিল। বিএনপি ক্ষমতায় আসার পর ২০০১ সালে সেটি বন্ধ হয়ে যায়। ট্রাস্টের পক্ষ থেকে এ পর্যন্ত হাজারের ওপর মুক্তিযোদ্ধা, আশ্রয়দাতা, প্রায় অর্ধশত অপারেশন ও গণহত্যার বিবরণ-সংবলিত সাক্ষাৎকার ইউটিউবে আপলোড করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে ট্রাস্টের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ‘৪৪ বছরে আমরা ১৬ জানুয়ারিকে আর দিবস হিসেবে পালন করতে পারিনি, এটা আমাদেরও ব্যর্থতা। আমরা এবার নিজেরা শুরু করছি। আশা করি, সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। যেহেতু ১৫ আগস্ট জাতীয় শোক দিবস রয়েছে, তাই আমরা ১৬ জানুয়ারিকে মুক্তিযোদ্ধা স্মরণ কিংবা শোক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছি।’
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা রইসুল হক বাহার, মোহাম্মদ হারিছ, রাখাল চন্দ্র বড়ুয়া ও সংস্কৃতিকর্মী দেওয়ান মাকসুদ উপস্থিত ছিলেন।