রমনার বটমূলে বোমা হামলাসংক্রান্ত হত্যা মামলার রায় আগামী ১৬ জুন ঘোষণার দিন ধার্য করেছেন আদালত৷ ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন গতকাল বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন৷
গতকাল এই মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল৷ আসামিপক্ষে আইনজীবী টি এম আকবর যুক্তিতর্ক উপস্থাপন করে আদালতকে বলেন, এই মামলায় রাষ্ট্রপক্ষ ৬১ জন সাক্ষীকে উপস্থাপন করেছেন৷ এঁদের মধ্যে কোনো সাক্ষী বলেননি, আসামিরা ঘটনাস্থলে ছিল৷ আসামিপক্ষের আইনজীবী এই বিষয়ে আইনগত যুক্তি ও উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত দেখিয়ে আসামিদের নির্দোষ দাবি করেন। এ সময় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি এস এম জাহিদ সরদার উপস্থিত িছলেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলের পারিপার্শ্বিক অবস্থা এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির মধ্য িদয়ে অভিযোগ প্রমাণিত হয়েছে৷ তিনি আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করেন৷
আদালত সূত্র জানায়, ৮ মে রাষ্ট্র ও আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে৷ গতকাল আইনগত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর রায়ের দিন ধার্য করা হয়৷
২০০৯ সালের ১৬ এপ্রিল হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নান ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত৷ গত বছরের ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়৷ ১০ নভেম্বর আসামিরা আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেন৷
২০০১ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে জঙ্গিদের বোমা হামলায় ১০ ব্যক্তি নিহত হন৷ আহত হন অসংখ্য৷ বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বোমা হামলার প্রায় আট বছর পর ২০০৮ সালের ২৯ নভেম্বর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)৷ ২০০৯ সাল থেকে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটির কার্যক্রম থেমে আছে৷ মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল-১-এ বিচারাধীন৷
আসামির মধ্যে মুফতি হান্নান, আরিফ হাসান সুমন, শাহাদত উল্লাহ ওরফে জুয়েল, হাফেজ মওলানা আবু তাহের, মওলানা আবদুর রউফ, মওলানা সাব্বির ওরফে আবদুল হান্নান সাব্বির, মওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, হাফেজ মওলানা ইয়াহিয়া ও মওলানা আকবর হোসাইন কারাগারে আটক আছেন৷ আসামি মওলানা তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান ও মুফতি আবদুল হাই পলাতক আছেন৷