১৬ জুলাই কুড়িগ্রামে সীমান্ত হাট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুরে সীমান্ত হাট উদ্বোধনের তারিখ পরিবর্তন করে আগামী ১৬ জুলাই নির্ধারণ করা হয়েছে। হাট চালু হবে ২০ জুলাই। প্রতি বুধবার হাট বসবে।গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজীবপুর বালিয়ামারী সীমান্ত হাটে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিদের নিয়ে সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী পি এ মুকুল সাংমা এবং বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের কেউ। আন্তর্জাতিক পিলার ১০৭২-এর কাছে দুই দেশের প্রতিনিধিদের সভাটি প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়। রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাদের জানান, বালিয়ামারী সোনাভরি নদীর তীরে সীমান্ত হাট এলাকায় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।এ সময় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোবাদ হোসেন, বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) বালিয়ামারী কোম্পানি কমান্ডার সুবেদার আবু তাহের। ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তুরা জেলার ডেপুটি কমিশনার সঞ্জয় গায়াল, আবু সালে, জর্জ নিংগোলা, অভিশেখ ভাগতিয়া।ইউএনও আবদুল কাদের আরও জানান, ৭৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে হাট বসবে। এর মধ্যে বাংলাদেশের ২৫ জন এবং ভারতীয় ২৫ জন ব্যবসায়ী থাকবেন। হাটে উভয় দেশের ১০টি পণ্য বেচাকেনা হবে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষিজাত পণ্য, প্রসাধন সামগ্রী, আসবাব, মসলাজাতীয় দ্রব্য, ফলমূল প্রভৃতি।