রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুদিন সাপ্তাহিক ছুটি এবং সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৬ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
জনসংযোগ দপ্তরের প্রশাসক মশিহুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী, রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে। দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি হবে শুক্র ও শনিবার। নতুন সময়সূচি ১৬ জুলাই থেকে কার্যকর হবে।
প্রসঙ্গত, আব্দুস সোবহান উপাচার্য থাকার সময় ২০১৩ সালের ৪ জানুয়ারির সিন্ডিকেট সভায় সাপ্তাহিক ছুটি এক দিন থেকে বাড়িয়ে দুই দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বছরের ফেব্রুয়ারিতে সোবহানের মেয়াদ শেষ হওয়ায় সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। মুহম্মদ মিজানউদ্দিন চার বছর উপাচার্যের দায়িত্ব পালনের পর গত ৭ মে আবারও উপাচার্যের দায়িত্বে আসেন সোবহান। পরে তিনি সেই সিদ্ধান্ত কার্যকরের পদক্ষেপ নেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, ‘সমিতির পক্ষ থেকে আমরা মনে করি, এটা করা ঠিক আছে। এতে সবাই উপকৃত হবে।’ কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক রাব্বেল হোসেন বলেন, ‘কর্মকর্তা সমিতি সভা করে এ বিষয়ে আমরা মতামত জানাব।’
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি এক দিন (শুক্রবার) চালু আছে। আর দাপ্তরিক কার্যক্রম চলে সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত।