টানা চার দিনের হরতালের পর আজ বৃহস্পতিবার উত্তরাঞ্চলের ১৬ জেলায় সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে এ ধর্মঘট ডাকা হয়। এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবুল হাশেমকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী রোববার চট্টগ্রাম মহানগরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
শামসুর রহমান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উত্তরাঞ্চলীয় অবিভক্ত (রাজশাহী ও রংপুর বিভাগ) কমিটির সভাপতি। তাঁর মুক্তির দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় এ পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। তবে বগুড়া মোটর মালিক গ্রুপ এ পরিবহন ধর্মঘট না মানার ঘোষণা দিয়ে বলেছে, তারা বৃহস্পতিবার সড়ক-মহাসড়কে বাস চালাবে। বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ আকতারুজ্জামান বলেন, টানা হরতালে পরিবহন ব্যবসা ধ্বংসের পথে। এ অবস্থায় আবার এক দিনের পরিবহন ধর্মঘট বাস মালিকেরা মানবে না। তা ছাড়া শামসুর রহমানের গ্রেপ্তারের বিষয়টি রাজনৈতিক।’
টানা চার দিনের হরতালের পর শ্রমিক ফেডারেশনের ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। পণ্য পরিবহন, খালাস ও সরবরাহ আটকে যাওয়ায় বিপাকে পড়েছেন এ অঞ্চলের ব্যবসায়ীরা। কাল শুক্রবার পূর্বনির্ধারিত ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন এ অঞ্চলের কয়েক হাজার শিক্ষার্থী। শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান গণি প্রথম আলোকে বলেন, শামসুর রহমানের মুক্তির দাবিতে সংগঠনের পক্ষ থেকে সময় বেঁধে দেওয়ার পরও সরকার সাড়া না দেওয়ায় উত্তরাঞ্চলের ১৬ জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো দিনের পর দিন হরতাল-অবরোধ ডাকতে পারলে একজন শ্রমিকনেতার মুক্তির দাবিতে মাত্র ১২ ঘণ্টার পরিবহন ধর্মঘট এমন দোষের কিছু নয়।’