১৬ জেলায় সহিংসতা সাংসদের বাসায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৮৩ ঘণ্টা অবরোধের প্রথম দিন গতকাল শনিবার রাজধানীসহ ১৬টি জেলায় সহিংসতা ও নাশকতার খবর পাওয়া গেছে। অবরোধকারীরা যানবাহনে ভাঙচুর-আগুন, রেলে নাশকতা, ককটেল, হাতবোমা ও পেট্রলবোমা হামলা চালান।
যশোরে সাংসদ রণজিত কুমার রায় এবং সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি তানিম চৌধুরীর বাসায় বোমা হামলা হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। বগুড়ায় গণজাগরণ মঞ্চের জমায়েত লক্ষ্য করে ছোড়া হয়েছে ছয়টি হাতবোমা। আহত হন মঞ্চের সংগঠকসহ আটজন।
অবরোধে গতকালও রাজধানীর গাবতলী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি কিংবা আসেওনি। তবে মহাখালী বাস টার্মিনাল থেকে পুলিশি পাহারায় ময়মনসিংহ ও টাঙ্গাইলের উদ্দেশে ১৬টি বাস ছেড়ে যায়। যাত্রীসংখ্যা ছিল স্বাভাবিকের চেয়ে কম।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিলের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে এ পর্যন্ত পাঁচ দফায় সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ডাক দিয়েছে ১৮-দলীয় জোট। এ সময় হরতাল-অবরোধের ঘটনায় নিহত হয়েছেন ১১৬ জন।
যানবাহনে ভাঙচুর, আগুন: ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের অবিরামপুর ও জুনদহ এলাকায় দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা চারটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন অবরোধকারীরা। হুড়োহুড়ি করে বাস থেকে নামতে গিয়ে অন্তত ২০ জন আহত হন। এর আগে মহেশপুর এলাকায় অন্তত ৩০টি যানবাহন ভাঙচুর করেন তাঁরা। গাইবান্ধা শহরে পুড়িয়ে দেওয়া হয় একটি অটোরিকশা।
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে দুপুরে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। বিকেলে বগুড়া শহরের মাটিডালি এলাকায় আগুন দেওয়া হয় একটি পণ্যবাহী ট্রাকে। এ সময় একজন আটক হন।
গতকাল রাতে চট্টগ্রামের লালদীঘি মোড়ে একটি বাস পুড়িয়ে দিয়েছেন অবরোধকারীরা। এতে হতাহতের ঘটনা ঘটেনি। মিরসরাইয়ে একটি মালবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেন অবরোধকারীরা। গতকাল সন্ধ্যায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনকে আটক করেছে।
এ ছাড়া কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় যানবাহন ভাঙচুরের খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জে দুজন আটক হয়েছে।
সাংসদ ও ছাত্রলীগ নেতার বাসায় বোমা হামলা: যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন) আসনের আওয়ামী লীগের সাংসদ রণজিৎ কুমার রায়ের ভাড়া বাড়ি লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। চারতলা বাড়িটির নিচতলায় থাকেন সাংসদ। বোমাটি বিস্ফোরিত হয় দ্বিতীয় তলার দেয়ালে। বোমার স্প্লিন্টারে জানালার কাচ ভেঙে গেছে। শুক্রবার রাত একটার দিকে যশোর শহরের বারান্দি নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সাংসদ বাসায় ছিলেন না।
একই রাতে সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি তানিম চৌধুরীর আম্বরখানার রায় হোসেন এলাকার বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসার ফটকের সামনে আগুন ধরে গেলে একটি কক্ষের কয়েকটি চেয়ার ও বিদ্যুৎ লাইন পুড়ে যায়। ঘটনার সময় তানিম দক্ষিণ সুরমায় একটি অনুষ্ঠানে ছিলেন।
নওগাঁয় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দলের জেলা সভাপতি তোফাজ্জল হোসেনের উকিলপাড়ার বাসায় অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। তবে এতে কেউ হতাহত হয়নি।
এসআইকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ: সিলেট নগরের বন্দরবাজার এলাকায় সন্ধ্যায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমরোজ তারেককে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন শিবিরের কর্মীরা। তবে ককটেলটি বিস্ফোরিত না হওয়ায় তিনি রক্ষা পান। পরে পুলিশের সদস্যরা ফাঁকা গুলি করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করে দেন। ঘটনাস্থল থেকে শিবিরের তিন কর্মীকে আটক করা হয়েছে।
গণজাগরণ মঞ্চ লক্ষ্য করে হাতবোমা হামলা: বগুড়া শহরের সাতমাথা চত্বরের গণজাগরণ মঞ্চের জমায়েত লক্ষ্য করে বেলা পৌনে ১১টার দিকে পরপর ছয়টি হাতবোমা ছোড়া হয়। এতে গণজাগরণ মঞ্চের সংগঠক ও জেলা বাসদের সমন্বয়ক সাইফুল ইসলাম, গণজাগরণ মঞ্চের কর্মী নজরুল ইসলামসহ আটজন আহত হন। সাইফুল ইসলাম ও নজরুল ইসলামের পায়ে একাধিক স্প্লিন্টার ঢুকেছে। অস্ত্রোপচার করা হয়েছে তাঁদের শরীরে।
গণজাগরণ মঞ্চের দাবি, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি ভন্ডুল করতেই এই বোমা হামলা হয়েছে। সেখানে গণজাগরণ মঞ্চের কর্মীরা বাংলাদেশ থেকে পাকিস্তান হাইকমিশন প্রত্যাহার, ঢাকায় মঞ্চের নেতা-কর্মীদের ওপর পুলিশের হামলা এবং দেশব্যাপী জামায়াত-শিবিরের নাশকতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করার জন্য জড়ো হচ্ছিলেন।
রেলে নাশকতা: কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকা রেললাইনের বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশনের অদূরে বেকি চন্দ্রগ্রামে শুক্রবার রাতে ফিশপ্লেট খুলে নেয় দুর্বৃত্তরা। এ কারণে ভৈরব-ময়মনসিংহ রেলপথে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। সকালে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদী উপজেলার মানিকখালি স্টেশনে গিয়ে আটকা পড়ে। মেরামত শেষে সকাল সোয়া আটটার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
ধানবোঝাই ট্রাকে আগুন: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাগাতীতে অবরোধ শুরুর আগেই ভোররাতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ধানবোঝাই একটি ট্রাকে আগুন দেন অবরোধকারীরা। ট্রাকটির চালক, তাঁর সহকারী ও এক ধান ব্যবসায়ীকে মারধরও করা হয়। তাঁদের কাছে থাকা প্রায় ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। কিছুক্ষণ পর একই স্থানে ইটবোঝাই আরও একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া একটি বাসকে ধাওয়া করেন অবরোধকারীরা। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পিকেটারদের হামলায় বাস-ট্রাক সংঘর্ষ: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাজীপুরের দিকে যাচ্ছিল। পথে চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে সকাল ১০টার দিকে কয়েকজন পিকেটার বাসটি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এ সময় বিপরীতমুখী দুটি ট্রাকেও হামলা চালানো হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়ি তিনটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। একপর্যায়ে বাসটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ২০ যাত্রী আহত হন। তাঁদের চন্দ্রা জনসেবা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
সংঘর্ষে আহত ১৫: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের দাদঘর বাজারে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এ সময় উভয় দলের নেতা-কর্মীরা তিনটি দোকান ও দুটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট করেন।
দিনাজপুরের পার্বতীপুর-দিনাজপুর সড়কের যশাই মোড়েও সংঘর্ষ হয়। সেখানে বিএনপি-জামায়াতের হামলায় আওয়ামী লীগের চার কর্মী আহত হন।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা]