১৬ জেলের কারাদণ্ড জাল-ট্রলার জব্দ
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর বাউফলে ১১ জন জেলেকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া গত বোরবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পটুয়াখালীর বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটকের পর এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দশমিনায় তিনজন ও কলাপাড়ায় দুজন জেলেকে এই দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে পাঁচ লাখ ৬৩৪ মিটার জাল জব্দসহ ছয়টি মাছ ধরার ট্রলার আটক করেছে জেলা মৎস্য বিভাগ।
দশমিনা থেকে দুটি এবং বাউফল ও গলাচিপা থেকে একটি করে মোট চারটি মাছ ধরার ট্রলার আটক করা হয়েছে।
বাউফল উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার জানান, গতকাল শুক্রবার দুপুরে উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালায়। আদালত মাছ ধরার দায়ে উপজেলার ধূলিয়া গ্রামের মোসলেম উকিল নামের এক জেলেকে আটক করে এক মাসের কারাদণ্ড দেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে একই নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার দায়ে আরও ১০ জেলেকে আটক করা হয়। তাঁদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁরা হলেন জাহাঙ্গীর বাতান, রুবেল সরদার, হারেজ সরদার, আজিজার, ইসলাম মাতব্বর, শাহাবুদ্দিন, মেছের খান, দুলাল মাতব্বর, মো. আলম ও সজীব। তাঁদের প্রত্যেকের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামে।
জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।