১৬ ডিসেম্বর নৌবাহিনীর জাহাজ সাধারণের জন্য উন্মুক্ত থাকবে
বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বেলা দুইটা থেকে সূর্যাস্ত পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাট ও বরিশালে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।গতকাল শুক্রবার সশস্ত্র বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনীর জাহাজ ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ জেটি মাতলাঘাট ও পাগলাঘাট, চট্টগ্রামের নেভাল জেটি ও নিউমুরিংয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া নৌবাহিনীর জাহাজ খুলনার বিআইডব্লিউটিএর রকেটঘাট, বাগেরহাটের মংলার দিগরাজ নেভাল বার্থ ও বরিশালের বিআইডব্লিউটিএর জেটিতে রাখা হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেনাবাহিনী, সদরঘাট এলাকায় নৌবাহিনী ও মিরপুর ২ নম্বরে শেরেবাংলা স্টেডিয়ামে বিমানবাহিনীর বাদক দল বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাদ্য পরিবেশন করবে। সেনাসদরের সার্বিক ব্যবস্থাপনায় একই সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে বাদ্য পরিবেশন করা হবে।