১৬ ডিসেম্বরের আগে নিজামীর আপিলের শুনানি শেষ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আশা প্রকাশ করেছেন, ১৬ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হওয়ার আগেই জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার আপিলের শুনানি শেষ হবে।
অ্যাটর্নি জেনারেল গতকাল রোববার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘আশা করছি, ডিসেম্বরের মাঝামাঝি সুপ্রিম কোর্টের অবকাশের আগেই এ শুনানি শেষ হবে। আসামিপক্ষের বক্তব্যের পর আমার বক্তব্য। আমি খুব বেশি সময় নেব না। তাতে শেষ না হলে বন্ধের পর হবে।’
মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ পাওয়া নিজামীর আপিলের শুনানি চলছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আসামিপক্ষ পেপারবুক উপস্থাপন করছে। পেপারবুক উপস্থাপন শেষে দুই পক্ষ যুক্তি উপস্থাপন করবে।
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সমস্ত জাতি যেমন স্বস্তি বোধ করছে, আমরাও তেমন স্বস্তি বোধ করছি। একটা জিনিস প্রতিষ্ঠিত হলো, অপরাধ করে দিন পার হয়ে গেলেও অপরাধ দায়মুক্ত হয়ে যাবে না। একদিন না একদিন বিচার হবেই।’
মাহবুবে আলম বলেন, এই সরকার যদি ক্ষমতায় না থাকত, আজকে এই বিচারকাজ ও দণ্ড কার্যকর হয়তো সম্ভব হতো না। কাজেই যেকোনো বিচারের ক্ষেত্রে রাজনৈতিক যে ক্ষমতা বা রাজনৈতিকভাবে যাঁরা ক্ষমতায় আছেন, তাঁদের চরিত্র কেমন সেটাও বিবেচ্য বিষয়।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গত ৯ সেপ্টেম্বর নিজামীর মামলার আপিল শুনানি শুরু হয়।